Champions Trophy: পাকিস্তানে দেখা যাবে না ভারতের তেরঙ্গাকে! স্টেডিয়ামে পতাকা বিতর্কে সাফাই দিল পিসিবি
কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠায়নি বিসিসিআই। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইতে। পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। সোমবার সকাল থেকেই বিতর্কে সরগরম ওয়াঘার দুই পার।
রাতের দিকে পিসিবি অবশ্য পরে জানিয়েই দিল, ভারত পাকিস্তানে খেলতে আসেনি, তাই ভারতের পতাকাও নেই তাদের দেশের স্টেডিয়ামে। সংবাদ সংস্থা আইএএনএসকে পিসিবি সূত্র জানিয়েছেন, যে ভারত পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নেওয়ার ফলে তাদের দেশের স্টেডিয়ামে ভারতের পতাকা লাগানো হয়নি।

ভারত ২০০৮ সালে প্রতিবেশী দেশটিতে সর্বশেষ দ্বি পাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল, এরপর থেকে কূটৈনিত উত্তেজনার কারণে পাকিস্তানে ক্রিকেট বয়কট করতে বাধ্য হয় ভারত। ভারতের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি হাইব্রিড মডেল গৃহীত হয়েছে। ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে।
পিসিবির সূত্রটি উল্লেখ করেছে, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে আসছে না। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই সব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে যে দেশগুলো সংশ্লিষ্ট ভেন্যুতে খেলবে।
লাহোরের স্টেডিয়ামে উত্তোলিত পতাকার মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকাও ছিল না। এর কারণ হিসাবে বলা হয়েছে বাংলাদেশ এখনও পাকিস্তানে আসেনি, কারণ বাংলাদেশ দল দুবাইতে ভারতের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। পিসিবি দাবি করেছে যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানে খেলবে এমন সব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবি কর্তার কথায়, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে আসেনি এবং দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাই বাংলাদেশের পতাকা এখন স্টেডিয়ামে উত্তোলন করা হয়নি এবং যে দেশগুলি প্রথম থেকেই পাকিস্তানে খেলবে তাদের পতাকা স্টেডিয়ামে রয়েছে।
ভারতীয় বোর্ডকে অনেক হিসেব-নিকেশ করে পা ফেলতে হয়েছে। হাইব্রিড মডেল নিয়ে প্রাথমিকভাবে জয় পেয়েছে বিসিসিআই। এবার পাল্টা প্রতিশোধ নিল পাকিস্তান। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, দুই দেশের কূটনৈতিক টানাটানিতে ক্রিকেট জিতল কি?
এদিকে, ভিআইপি হসপিটালিটি বক্স বিক্রি করে দিতে বললেন পিসিবি চেয়ারম্যান নাকভি । পিসিবি প্রধানকে দুবাই স্টেডিয়ামের একটি ভিআইপি বক্স দেওয়া হয়েছিল। সেখানে তিনি পরিবার এবং অতিথিদের নিয়ে ভারত-পাক ম্যাচ দেখার সুযোগ পেতেন। তবে সেখানে তিনি বসবেন না। সেই বক্সের টিকিট বিক্রি করে দিতে বলেছেন নাকভি। সাধারণ দর্শকাসন থেকেই ভারত-পাকিস্তান খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications