আইপিএল সম্পূর্ণ করতে আন্তর্জাতিক সিরিজ স্থগিত করছে বিসিসিআই
আইপিএল ২০২১ সম্পূর্ণ করতে মরিয়া বিসিসিআই। সে কারণে এবার আন্তর্জাতিক সিরিজ বাতিলের পথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। এমনকী দেশে করোনা পরিস্থিতিতে অনিশ্চিত ভারতের টেস্ট সিরিজও।

আইপিএল সেপ্টেম্বর-অক্টোবরে
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ১৮ বা ১৯ সেপ্টেম্বর শুরু করে তিন সপ্তাহের মধ্যে বাকি ৩১টি ম্যাচ সেরে ফেলা হবে আইপিএলের। ১৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের উইন্ডোতে আইপিএল সেরে ফেলতে চাইছে বিসিসিআই। বোর্ড নিশ্চিত ৩১টি ম্যাচ খেলাতে খুব বেশি হলে ২৫ দিন লাগবে। টি ২০ বিশ্বকাপ শুরুর কথা ১৬ অক্টোবর। তার সপ্তাহখানেক আগে আইপিএল শেষ হলে দলগুলি কতটা প্রস্তুত হতে পারবে তা নিয়েও সংশয় থাকছে। কারণ একইসঙ্গে খেয়াল রাখতে হবে নিভৃতবাসের ব্যাপারটিও।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল
আইসিসি-র ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুযায়ী, টি ২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি ২০ সিরিজ খেলার কথা ভারতের। কিন্তু আইপিএল করতে গেলে সেই সিরিজ বাতিলের পথেই হাঁটতে হবে বিসিসিআইকে। বিসিসিআই কর্তারা নিজেদের মধ্যে যে আলোচনা করেছেন তাতে এটা পরিষ্কার, বোর্ড মনে করছে টি ২০ বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি নেওয়ার সেরা ক্ষেত্র আইপিএলই। যেহেতু বিশ্বকাপ শুরুর সাত বা দশদিন আগে অবধি আইপিএল চলবে তাই পরে কোনও সময়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করা হবে। ভারত আগামী বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও অতিরিক্ত ম্যাচ খেলতে পারে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

নিউজিল্যান্ড সিরিজ
নভেম্বরে ভারত সফরে দুটি টেস্টের সিরিজ খেলতে আসার কথা নিউজিল্যান্ডেরও। করোনা পরিস্থিতিতে সেই টেস্ট সিরিজও অনিশ্চিত। এমনিতে অনেক দেশই ভারতে সংক্রমণের অবস্থা দেখতে টি ২০ বিশ্বকাপ খেলতেও অনীহা প্রকাশ করেছে। পরিস্থিতি যা তাতে টি ২০ বিশ্বকাপও সংযুক্ত আরব আমিরশাহীতে সরানোর দিকেই এগোচ্ছে আইসিসি। যদিও বিসিসিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকবে। ফলে ভারতে করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হলে এবং করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা থাকায় নিউজিল্যান্ডের ভারত সফর পিছিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

অনিশ্চিত ইংল্যান্ডের ক্রিকেটাররা
এখানেই শেষ নয়। আইপিএলের উইন্ডো বের করতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে টেস্ট সিরিজ সপ্তাহখানেক এগিয়ে আনার মৌখিক প্রস্তাব বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু দ্য হান্ড্রেড-সহ ঠাসা ক্রীড়াসূচির কারণে সেটা সম্ভব নয়। টি ২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডেরও উপমহাদেশে সিরিজ খেলার কথা রয়েছে। ফলে অ্যাশেজের আগে ইংল্যান্ড ক্রিকেটারদের আইপিএলে দেখা যাবে কিনা সেটাও বড় প্রশ্ন। বিসিসিআইয়ের পরিকল্পনা, ভারতীয় দলের সকলকেই চার্টার্ড বিমানে করে দুবাই নিয়ে যাওয়া হবে। এভাবেই ইংল্যান্ডের টেস্টের জৈব সুরক্ষা বলয় থেকে আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গী হতে পারেন চার্টার্ড বিমানেই, যদি অনুমতি মেলে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

কাঁটা সিপিএল
অনিশ্চয়তা দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়েও। কারণ ১৯ সেপ্টেম্বর অবধি চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ফলে ১৮ বা ১৯ তারিখ থেকে আইপিএল শুরু হলে শুরুর দিকে ক্যারিবিয়ান তারকাদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিসিআই উইন্ডিজ ক্রিকেটকে সিপিএলের ক্রীড়াসূচিতে রদবদল আনার অনুরোধ করবে বলে মনে করা হচ্ছে। ২৮ আগস্ট থেকে শুরু সিপিএল। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট শেষ হবে ২৪ অগাস্ট। ফলে সিপিএল এগোনোর সুযোগ নেই। সিপিএল খেলে দুবাই আসতেই পারেন পোলার্ড, গেইলরা। তবে সেখানে পৌঁছেও থাকতে হবে তিনদিনের নিভৃতবাসে। তাই সব ম্যাচে তাঁদের পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাকি ক্রিকেট বোর্ডগুলি কী পদক্ষেপ পরে সেটাও দেখার। তবে টি ২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতেই হলে সমস্যা কিছুটা কম হবে বলেই মনে করা হচ্ছে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications