Asia Cup 2023: রোহিত দ্বিতীয় দ্রুততম হিসেবে ১০ হাজার ওডিআই রানের ক্লাবে, কোন ভারতীয়রা ছুঁয়েছেন এই মাইলস্টোন?
Asia Cup 2023: বিরাট কোহলি গতকালই পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ১৩ হাজার রান পূর্ণ করেছেন। আজ কলম্বোতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানের ক্লাবে যোগ দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত এই মাইলফলক স্পর্শ করলেন ষষ্ঠ ভারতীয় হিসেবে। ইনিংসের নিরিখে দ্বিতীয় দ্রুততম হিসেবে তিনি ১০ হাজার ওডিআই রান পূর্ণ করে রইলেন বিরাট কোহলির ঠিক পরেই।

একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করার রেকর্ডটি রয়েছে বিরাট কোহলির দখলেই। তাঁর এই মাইলফলক ছুঁতে সময় লেগেছিল ১০ বছর ৬৭ দিন, ২১৩টি ম্যাচ এবং ২০৫টি ইনিংস। বিশাখাপত্তনমে ২০১৮ সালের ২৪ অক্টোবর কোহলি ১০ হাজার ওডিআই রান পূর্ণ করেন। রোহিত শর্মার লাগল ১৬ বছর ৮১ দিন, ২৪৮টি ম্যাচ ও ২৪১টি ইনিংস।
সচিন তেন্ডুলকরের লেগেছিল ১১ বছর ১০৩ দিন, ২৬৬টি ম্যাচ ও ২৫৯টি ইনিংস। সচিন ইন্দোরে ২০০১ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাইলফলক ছুঁয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ডামবুলায় ২০০৫ সালের ৩ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ হাজার ওডিআই রানের মাইলস্টোন স্পর্শ করেন। তাঁর লেগেছিল ১৩ বছর ২০৪ দিন, ২৭২টি ম্যাচ ও ২৬৩ ইনিংস।

সৌরভের মতো রোহিতও শ্রীলঙ্কার মাটিতে এই নজির স্পর্শ করলেন। মহেন্দ্র সিং ধোনি ২০১৮ সালের ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ হাজার ওডিআই রানে পৌঁছন, তাঁর সময় লেগেছিল ১৩ বছর ২০৩ দিন, ৩২০টি ম্যাচ ও ২৭৩ ইনিংস। ২০০৭ সালের ১৪ ফেব্রয়ারি গোয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল দ্রাবিড় পান ১০ হাজার ওডিআই রান। ১০ বছর ৩০৭ দিন, ৩০৯ ম্যাচ ও ২৮৭টি ইনিংস লেগেছিল দ্রাবিড়ের।
ফলে সচিন, সৌরভ, দ্রাবিড়, ধোনি ও বিরাটের পর রোহিত একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রান পূর্ণ করলেন। তাঁর আগে বিশ্বের ১৪ জন ব্যাটার এই নজির গড়েছেন। ফলে যে ১৫ জন ব্যাটারের একদিনের আন্তর্জাতিকে ১০ হাজারের বেশি রান রয়েছে সেই তালিকায় ভারতীয়দের সংখ্যা বেড়ে হলো ৬।
একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ১৮৪২৬ রান রয়েছে সচিনের। কুমার সঙ্গকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭০৪), সনৎ জয়সূর্য (১৩৪৩০), বিরাট কোহলি (১৩০২৭), মাহেলা জয়বর্ধনে (১২৬৫০), ইনজামাম উল হক (১১৭৩৯), জাক কালিস (১১৫৭৯), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১৩৬৩), রাহুল দ্রাবিড় (১০৮৮৯), মহেন্দ্র সিং ধোনি (১০৭৭৩), ক্রিস গেইল (১০৪৮০), ব্রায়ান লারা (১০৪০৫), তিলকরত্নে দিলশান (১০২৯০) রান করেছেন।












Click it and Unblock the Notifications