Asia Cup 2023: পাকিস্তান থেকে আমন্ত্রণ জয় শাহকে, ‘রাজধর্ম’ পালন করবেন অমিত পুত্র?
এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ জটিলতার পর ওয়াঘার ওপারে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থেকেছে বিসিসিআই। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই এশিয়া কাপে অংশ নিতে রাজী হয় বিসিসিআই। পাকিস্তানে নয়, ভারতীয় দল এশিয়া কাপের ম্যাচ গুলি খেলবে শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু টুর্নামেন্টের সূচনা হবে পাকিস্তানেই।
আগামী ৩০ অগাস্ট মূলতানে পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়েই টুর্নামেন্টের সূচনা হবে। উদ্বোধনী ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব নন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। ফলে পদাধিকার অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই টুর্নামেন্টের সূচনায় তাঁর উপস্থিত থাকার কথা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে জয় শাহকে প্রথম ম্যাচে উপস্থিত থাকার জন্য পিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। পিটিআইকে পিসিবির এক সূত্র জানিয়েছে, 'ডারবানে আইসিসির বৈঠকের সময়ই পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ জয় শাহকে মৌখিকভাবে পাকিস্তানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি সরকারিভাবেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।'
এখন প্রশ্ন হচ্ছে কী করবেন জয় শাহ? এর আগে পাকিস্তানের মিডিয়ার পক্ষ থেকে প্রচার করা হয়েছিল এশিয়া কাপের ম্যাচে প্রতিবেশী দেশে আসবেন জয় শাহ। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড গোটা বিষয়টি অস্বীকার করে। এরফলে মুখ পুড়েছিল পিসিবির।

জয় শাহের কাছে বিষয়টি উভয় সংকটের মতোই। একদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে রাজধর্ম পালন করে তাঁর উপস্থিত থাকা উচিত পাকিস্তানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে। আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে তাঁর বাধ্যবাধকতা আছে। তিনি শুধু বোর্ড সচিব নন অমিত শাহের পুত্র। তাঁর পাকিস্তান সফরের অন্য তাৎপর্য তৈরি হবে।
ফলে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। জয় শাহ নিজেই যাবেন নাকি বোর্ডের পক্ষ থেকে অন্য প্রতিনিধি পাঠানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।আর গ্রুপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

আগামী ৩১ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। হাইব্রিড মডেল অনুসারেই টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে।মোট দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরের শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।












Click it and Unblock the Notifications