Asia Cup 2023: সুনীল গাভাসকরের প্রশ্নের মুখে জয় শাহ-র এসিসি! ক্রিকেটারদের আপত্তিতে কলম্বো থেকে সরল না ম্যাচ?
Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের দুটি ম্যাচেই থাবা বসিয়েছিল বৃষ্টি। নেপাল ম্যাচ ডিএলএস মেথডে জিতলেও পরিত্যক্ত হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। পাল্লেকেলে থেকে কলম্বো, বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই।
এই পরিস্থিতিতে হামবানটোটায় কলম্বোর ম্যাচগুলির কথা শোনা গিয়েছিল। পাকিস্তানে সুপার ফোর ম্য়াচ দেওয়ার দাবি তোলে পিসিবি। যদিও তাতে কর্ণপাত না করে সূচি অপরিবর্তিত রাখা হয়। এর কারণ জনসমক্ষে আনার দাবি তুললেন সুনীল গাভাসকর।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে আজই জানানো হয়েছে, রবিবার ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ব্যাহত হলে খেলা হবে পরের দিন রিজার্ভ ডে-তে। যদিও সুপার ফোরের বাকি ম্যাচগুলির জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। এই সিদ্ধান্ত নিয়েও তুমুল শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, আগেই জয় শাহ-র একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানিয়েছে পিসিবি।

কলম্বোয় বৃষ্টির কারণে গতকালও ভারতীয় দলকে ইনডোরে অনুশীলন করতে হয়েছে। গাভাসকর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, আসল গল্পটা সামনে আসা জরুরি। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এমন ধারণা জন্মাচ্ছে যে ক্রিকেটাররা হামবানটোটায় যেতে চাননি। ফলে কলম্বোর আবহাওয়া নিয়ে সংশয় থাকলেও ক্রিকেট প্রশাসকরা ম্যাচের স্থান বদলাননি।
কিন্তু কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে আঙুল তোলেননি গাভাসকর। তাঁর কথায়, প্রশাসকদের দিকে আঙুল তোলাটা সহজ। তাঁদের সহজেই বলির পাঁঠা বানানোও হয়ে থাকে। তবে হামবানটোটায় যেখানে কলম্বোর তুলনায় আবহাওয়া ভালো থাকার কথা, তা জেনেও কাদের জন্য সুপার ফোরের ম্যাচ সরানো হলো না, তা খুঁজে বের করা সত্যিই গুরুত্বপূর্ণ।
এদিকে, পুত্রসন্তানের জন্মের পর ফের কলম্বো গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারত-পাকিস্তান ম্যাচের পরদিনই সন্তানসম্ভবা স্ত্রী সঞ্জনার পাশে থাকতে মুম্বইয়ে ফিরেছিলেন ভারতীয় দলের এক নম্বর পেসার। নেপাল ম্যাচে খেলতে পারেননি। রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে তিনি দলের সঙ্গে যোগ দিলেন।












Click it and Unblock the Notifications