Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের লজ্জা কীভাবে বাড়াল বাংলাদেশ? রোহিতের মুখে শুভমান ও অক্ষরের প্রশংসা
Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের লজ্জা বাড়াল বাংলাদেশ। রবিবার ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা যে মুখোমুখি হবে তা ঠিক হয়ে গিয়েছিল আগেই। আজ কলম্বোয় সুপার ফোরের ভারত-বাংলাদেশ ম্য়াচ ছিল নিয়মরক্ষার।
বাংলাদেশ সুপার ফোরের প্রথম জয়টি পেল আজ। শেষ চারটি ওডিআইয়ের মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এটি তৃতীয় জয়। ২০১২ সালের পর এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারল ভারত। টাইগারদের জয়ে শেষ স্থানে চলে গেল পাকিস্তান।

সুপার ফোরে বাংলাদেশ এবং পাকিস্তান ৩ ম্য়াচে ২ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ৬ রানে জেতায় নেট রান রেটে পাকিস্তানকে টেক্কা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান নেট রান রেট মাইনাস (-) ১.২৮৩, বাংলাদেশের মাইনাস (-) ০.৪৬৩। ভারত (১.৭৫৩) সুপার ফোরে শীর্ষে থেকেই ফাইনালে গেল। শ্রীলঙ্কা (-০.১৩৪) রইল দ্বিতীয় স্থানে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, কয়েকজনকে আজ সুযোগ দিয়েছি বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে। ম্যাচের ফলাফলের সঙ্গে কোনও কম্প্রোমাইজ লক্ষ্য ছিল না। বিশ্বকাপে খেলবেন এমন কয়েকজনকে আজ দেখে নেওয়া হলো। অক্ষর দারুণ ব্যাটিং করেছেন। ফিনিশ করতে পারেননি। তবে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হবে।

শুভমান গিলের প্রশংসা করে রোহিত বলেন, গিলের শতরান ব্রিলিয়ান্ট। কীভাবে খেলতে হবে সেটা বুঝে নিয়ে নিজের স্বাভাবিক খেলাই চালিয়ে গিয়েছেন। দলের জন্য কী করণীয় সেই স্বচ্ছ ধারণা নিয়েই ব্যাটিং করেছেন। গত এক বছর ধরেই দারুণ ফর্মে রয়েছেন শুভমান। নতুন বলে সলিড ব্যাটিং কঠোর পরিশ্রমের ফসল। কোনও প্র্যাকটিসকে অপশনাল নেন না গিল।
ভারত যেমন আজকের দলে পাঁচটি পরিবর্তন এনেছিল বাংলাদেশও পায়নি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদদের। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান বলেন, যাঁরা খেলার সুযোগ পাননি তাঁদের আজ খেলানো হয়েছে। স্পিনাররা কার্যকরী হবেন বোঝা গিয়েছিল, সেটা হয়েছে। আমিও ভালো ব্যাট করতে পারছিলাম না, তবে আজ রান পেলাম।
শাকিবের কথায়, থিতু হওয়ার সময় পেয়েছি। প্রথম বাউন্ডারিটি মারার পরেই তৃপ্তি পাই। মেহেদি হাসান মিরাজের পাশাপাশি অভিষেক ম্যাচে তানজিম সাকিবের প্রশংসা করেছেন শাকিব। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল নিয়েও তিনি আত্মবিশ্বাসী। তবে এশিয়া কাপে একাধিক প্লেয়ারের চোট-আঘাতেই প্রত্যাশিত ফল হয়নি বলে দাবি শাকিবের।












Click it and Unblock the Notifications