বিশ্বভারতীতে বিদ্রোহ তুঙ্গে, অসুস্থ উপাচার্যের চিকিৎসার জন্য ডাক্তারকে ঢুকতেই দিলেন না বিক্ষোভকারীরা
বিশ্বভারতীতে বিদ্রোহ তুঙ্গে, অসুস্থ উপাচার্যের চিকিৎসার জন্য ডাক্তারকে ঢুকতেই দিলেন না বিক্ষোভকারীরা
চরমে উঠেছে বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ। উপাচার্য অসুস্থ হয়ে পড়েছেন জেনেও চিকিৎসক এবং নার্সকে তাঁর বাসভবনে ঢুকতে দিলেন না তাঁরা। ছাত্রদের দাবি না মানলে চিকিৎসককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিেয়ছেন ছাত্ররা। ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় প্রায় বন্ধ হওয়ার মুখে। বন্ধ হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়াও।

বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ
গত ৬ দিন ধরে চলছে বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে ধরনা দিয়েছেন ছাত্রছাত্রীরা। গত ৬ দিন ধরে বাড়ির বাইরে বেরোতে পারছেন না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিন ছাত্রকে বহিস্কার করার ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য আসার পর থেকেই তাঁর একাধিক কাজ নিয়ে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছিল। বিশ্বভারতীর গৈরিকীকরণ করার চেষ্টা করছেন উপাচার্য অভিযোগ করেছিলেন তাঁরা। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগেই চরম গণ্ডগোল তৈরি হয়েছিল বিশ্বভারতীতে। তারপরে বিজেপির অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান করা নিয়েও তীব্র সমালোচনা হয়।

চিকিৎসককে ঢুকতে বাধা
লাগাতার ৬ দিন ধরে চলছে আন্দোলন। তার জেরে নাকি অসুস্থ হয়ে পড়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তারপরেই এদিন বিকেলে বিশ্বভারতীর পিয়ারসন হাসপাতালের চিকিৎসকের একটি দল অ্যাম্বুলেন্সে করে এসে পৌঁছয় উপাচার্যের বাসভবনের সামনে। সেই দলে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিএমও অরিন্দম চট্টপাধ্যায়, চিকিৎসক অনির্বাণ দাসগুপ্ত ও দুই নার্স। তাঁরা ভেতরে যেতে চাইলে বিক্ষোভরত ছাত্ররা বাধা দেয়। তারা দাবি করে ছাত্রদের দুই প্রতিনিধিকে ভেতরে নিয়ে যেতে হবে। তবেই তারা চিকিৎসকদের উপাচার্যের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেবে।

রাজি হননি উপাচার্য
ছাত্রদের দুই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে ডাক্তারদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়ননি উপাচার্য। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাঁরা উপাচার্যের বাড়ির সামনে থেকেই ফিরে যান। ছাত্ররা দাবি করেছে ডাক্তারদের যেতে বাধা দেওয়া হয়নি।ছাত্রদের দুই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছিল। উল্টে তাঁরা অভিযোগ করেছেন অসুস্থতার নাটক করছেন উপাচার্য। ছাত্রদের আন্দোলন এভাবে থামানো যাবে না বলে জানিেয়ছেন তাঁরা। উপাচার্যের চিকিৎসা এবং খাবার কোনও কিছুই তারা আটকাতে চাননা এবং আটকাচ্ছেন না বলে জানিয়েছেন।

বন্ধ হতে বসেছে বিশ্ববিদ্যালয়
ছাত্র আন্দোলনের জেরে বিশ্বভারতীতে ছাত্র ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। পরীক্ষার ফল প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অফিসের কাজ বন্ধ। কর্মীদের বেতনও পেনশন বন্ধ করা হয়েছিল। যদিও বুধবার রাতে বেতন, পেনশন দিয়ে দেওয়া হয়। এমনকী কর্মসমিতির বৈঠক ডেকে বিশ্বভারতী বন্ধ করার উদ্যোগ নেওয়ার হচ্ছিল বলে অভিযোগ।এদিকে নিজের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন উপাচার্য।












Click it and Unblock the Notifications