অভিষেকের গড়ে বিজেপির কোন্দল তীব্র! বরখাস্ত ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারে বিজেপির কোন্দল তীব্র। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ বরখাস্ত করা হয়েছে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে।
লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে বিজেপির তরফে রাজ্যের যেসব জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করা হয়েছিল, তার মধ্যে ছিল এই ডায়মন্ড হারবারও। সেখানকার আক্রান্ত বিজেপি কর্মীদের অনেকেই বিজেপি নেতা অভিজিৎ দাস ববির বাড়িতে আশ্রয় নিয়েছেন। অভিজিৎ দাসের অভিযোগ ছিল বিজেপির জেলা নেতৃত্ব আক্রান্তদের পাশে থাকছেন না।

মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এই ডায়মন্ড হারবার কেন্দ্রের অধীন আমতলায় গেলে, তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন দলের আক্রান্ত কর্মী-সমর্থকরা। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলে।এই ঘটনায় অসন্তুষ্ট হন বিজেপির কেন্দ্রীয় দলের নেতারা।
এরপর মঙ্গলবার রাতে অভিজিৎ দাস ববিকে বরখাস্তের নোটিস ধরানো হয় রাজ্য বিজেপির তরফে। শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি তাঁকে দেওয়া হয়। যদিও রাত পর্যন্ত অভিজিৎ দাস ববি জানিয়েছেন, তিনি সেরকম কোনও চিঠি পাননি।
সেই চিঠিতে বলা হয়েছে, ১৮ জুন ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হওয়া বৈঠকে তিনি যোগ দেননি। এছাড়া আক্রান্তদেরও তিনি যেতে বাধা দিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরা করা এবং ডায়মন্ড বারবার জেলা অফিসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।
রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই চিঠি পাওয়ার একসপ্তাহের মধ্যে তার উত্তর দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
লোকসভা ভোটের পর থেকে তাঁর এলাকায় তৃণমূল তাণ্ডব চালাচ্ছে বলে বারে বারে অভিযোগ করেছেন অভিজিৎ দাস ববির। এছাড়াও ডায়মন্ড হারবারে লোকসভা ভোট প্রহসনে পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ ছিল অন্তত ছশো বুথে ৯৯ শতাংশ ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পেয়েছেন, যা অবম্ভব।












Click it and Unblock the Notifications