কোয়ারান্টাইনে সলমন খান, বাড়িতে বসেই ‘রাধে’ ছবির কাজ করছেন তিনি
কোয়ারান্টাইনে সলমন খান, বাড়িতে বসেই ‘রাধে’ ছবির কাজ করছেন তিনি
করোনা ভাইরাসের আতঙ্কে বিনিদ্রা রাত কাটাচ্ছে বিশ্ববাসী। একই অবস্থা ভারতেরও। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন। যদিও এই লকডাউন ঘোষণার বহু আগেই বলিউডে বন্ধ করে দেওয়া হয় সমস্ত ছবির শুটিং। সলমন খানের পরবর্তী ছবি 'রাধে’র সব কাজও তাই বন্ধ। আর এই কোয়ারান্টাইন সময়ে বাড়ি থেকেই কাজ করতে শুরু করলেন সল্লু মিঞা। ছবির পোস্ট–প্রোডাকশনের কাজ বন্ধ না করে টিম রাধে বাড়ি থেকেই এডিটিংয়ের কাজ শুরু করে দিয়েছে।

রাধের পোস্ট–প্রোডাকশন বাড়ি থেকে করছেন সলমন
সূত্রের খবর, ‘এটা বোঝা যায়। কারণ সলমন যেভাবেই হোক তাঁর ছবির এডিটিং চালিয়ে যেতে চান। যাতে কোনওভাবে সময় নষ্ট না হয় আর ২২ মে ইদের সময় এই ছবি যেন মুক্তি পায় সেটা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সলমন বাড়ি বসেই পোস্ট-প্রোডাকশনের কাজ সামলাচ্ছেন।'
ছবি এঁকে কোয়ারান্টাইন কাটাচ্ছেন সল্লু মিঞা
অন্য সব সেলেবদের মতোই সলমনও কোয়ারান্টাইনে রয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সলমন নিজের ছবি আঁকাও চালিয়ে যাচ্ছেন। এটা সকলেই জানেন যে সল্লু মিঞা ছবি আঁকতে খুবই পছন্দ করেন এবং তাঁর ছবি প্রশংসাও পেয়েছে যথেষ্ট। এর আগে সলমন ইনস্টাতে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি ‘কহো না প্যার হ্যয়' গানটি গুনগুন করতে করতে স্কেচ করছিলেন। অন্য আর একটি ভিডিওতে দেখা গিয়েছে যে সলমন তাঁদের পনভেল খামার বাড়িতে তাঁর বোন অর্পিতার ছেলে ছোট্ট আহিলের সঙ্গে বাগানে তাজা ফল পাড়ছেন।

কোরিয়ান ছবির রিমেক ‘রাধে’
‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিটি ২০১৭ সালের কোরিয়ান থ্রিলার ছবি ‘দ্য আউটলস'-এর রিমেক। এই ছবিতে সলমনকে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সলমন ও প্রভুদেবা এই নিয়ে তৃতীয়বার যৌথ উদ্যোগে কোনও কাজ করলেন। এই দু'জনকে আগে দেখা গিয়েছিল ‘ওয়ান্টেড' (২০০৯) এবং ‘দাবাং ৩' (২০১৯)-তে। ‘রাধে' ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ ও ভিলেন চরিত্রে দেখা যাবে গৌতম গুলাটিকে।












Click it and Unblock the Notifications