সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্ট! কী জানাল পুলিশ?
আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে একথাই জানাল পুলিশ। তাঁর শরীরেও তেমন কিছু পাওয়া যায়নি। রবিবার সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। তবে কোনও সুনির্দিষ্ট কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার সকালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়
রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটেই ছিলেন সুশান্ত। এরপর পরিচারিকার থেকে জুস নিয়ে ঘরে ঢুকে যান। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও তাঁকে ঘর থেকে বের হতে না দেখে ডাকাডাকি করেন পরিচারিকা। কোনও সাড়াশব্দ পাননি। এরপর খবর দেওয়া হয় তাঁর বন্ধুদের। তারপর ঘর খুলে সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।

ঘটনার তদন্তে মুম্বই পুলিশ
খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় হাসপাতালে। এদিকে ঘটনার পরই তদন্ত শুরু করে দেয় পুলিশ। ডিসিপি অভিষেক ত্রিমুখে বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা করেছেন সুশান্ত। কারণ তাঁর ঘর থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।' যদিও তাঁর পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

অবসাদে ভুগছিলেন সুশান্ত
সুশান্তের ঘনিষ্ঠদের দাবি, কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেতা। আর সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে যোগ ও মেডিটেশন করছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। তাঁর ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। তবে কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর।

স্বপ্নের উড়ান
পবিত্র রিস্তা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সুশান্ত। এরপর 'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি । তারপর একে একে 'ছিছোড়ে', 'রবতা', 'কেদারনাথ' সহ বলিউডের একাধিক ছবিতে অভিনয় করছেন। এছাড়া মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications