টলিউডের পর এবার হিন্দিতে মুক্তি পাবে ‘ড্রাকুলা স্যার’, প্রকাশ্যে এল পোস্টার
উৎসবের মরশুমে আম জনতার সবথেকে বড় পাওনা হল সিনেমা হল পুনরায় খুলে যাওয়া এবং নতুন নতুন ছবি আবার হলে গিয়ে দেখার সুযোগ। দীর্ঘ লকডাউনের পর বহু জটিলতাকে কাটিয়ে ফের আরও একবার সিনেমা হলে সিনেমা দেখার স্বাদ পাচ্ছে মানুষ। বলিউডের পাশপাশি টলিউডের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তীর সাইকো থ্রিলার সিনেমা 'ড্রাকুলা স্যার’ বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। পরিচালক দেবালয় ভট্টাচার্যের এই ছবি এবার পাড়ি দেবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এই বাংলা সিনেমা এবার হিন্দিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির হিন্দি পোস্টারও। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এসভিএফ।

বিশেষ সূত্রের খবর, দিওয়ালির আগেই দেশজুড়ে মুক্তি পাবে 'ড্রাকুলা স্যার’–এর হিন্দি ভার্সান। গত ২১ অক্টোবর পুজোর ঠিক মুখে এই ছবি মুক্তি পাওয়ার পর তা দর্শকদের পছন্দের তালিকায় সবার প্রথমে উঠে এসেছে। এই ছবিতে দেখানো হয়েছে এক স্কুল শিক্ষক রক্তিমের (অনির্বাণ ভট্টাচার্য) ড্রাকুলা হয়ে ওঠার কাহিনী এবং তার থেকে সে কীভাবে মঞ্জরীর (মিমি) সাহায্যে মুক্তি পায় তাই দেখানো হয়েছে। ছবিতে যথারীতি অনির্বাণের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও ছিলেন যথাযথ। এছাড়াও ছবিতে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক। টলিউডের পর এবার এই ছবিতে হিন্দিতে মুক্তি পাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ছবির প্রযোজনা সংস্থা এসভিএফের পক্ষ থেকে জানা গিয়েছে যে আগামী ১৩ নভেম্বর ড্রাকুলা স্যার হিন্দিতে মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications