রেপো রেট কমায় আমানতকারীরা কি ক্ষতির মুখে? ভবিষ্যৎ সুদহার কোন দিকে যাবে? জানুন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআই এর সাম্প্রতিক সিদ্ধান্তে ফের নড়েচড়ে বসেছেন আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাঙ্ক নীতিনির্ধারণী বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট নামিয়েছে ৫.৫০ শতাংশ থেকে ৫.২৫ শতাংশে। নিউট্রল অবস্থান বজায় রেখেই এই রেট কাট ঘোষণা করেছে এমপিসি। গভর্নর মলহোত্র জানিয়েছেন, দেশের অর্থনীতি বর্তমানে "গোল্ডিলকস মুহূর্তে" জিডিপি বৃদ্ধি শক্তিশালী, আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে।
কিন্তু এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ে স্থির আমানত বা এফডির সুদের হারে। নতুন এফডির সুদ শীঘ্রই কমার সম্ভাবনা প্রবল। তবে পুরনো এফডিতে কোনও পরিবর্তন আসবে না, সুদের হার বুকিংয়ের দিনই লক হয়ে থাকে।

রেপো রেট কমলেই ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার খরচ কমে। ফলে তারা সাধারণত ঋণের সুদ যেমন কমায়, তেমনই কমিয়ে দেয় আমানতের সুদের হারও। অতীত অভিজ্ঞতা বলছে ২৫ বেসিস পয়েন্ট কাট হলে বেশিরভাগ ব্যাঙ্ক ১০ থেকে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত এফডির নতুন সুদ কমিয়ে দেয়।
এসবের উপর আরও চাপ তৈরি করছে আরবিআইয়ের নতুন তারল্য বৃদ্ধির পদক্ষেপ ১ লক্ষ কোটি টাকার বন্ড কেনা ও ৩ বছরের ৫ বিলিয়ন ডলারের এফএক্স সুয়াপ। এসব মিলিয়ে ব্যাঙ্কগুলির তারল্য পরিস্থিতি আরও স্বস্তিদায়ক, তাই স্বল্পমেয়াদি এফডিতেই প্রথমে কাটছাঁট হওয়ার সম্ভাবনা।
৩ থেকে ১২ মাসের ছোট মেয়াদের এফডিগুলি সবচেয়ে আগে সুদহারে পরিবর্তন দেখে। দীর্ঘমেয়াদি আমানতে কমার হার তুলনামূলক কম। তাই যারা শীঘ্রই এফডি খুলবেন, তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আতঙ্কের কিছু নেই বলছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সুদের সোনালি সময় হয়তো সাময়িক বিরতিতে, কিন্তু পরিকল্পনা থাকলে লাভের সম্ভাবনা ফুরিয়ে যায় না।
আরপিএস গ্রুপের ডিরেক্টর শশাঙ্ক গুপ্ত পরামর্শ দিয়েছেন
ল্যাডারিং স্ট্র্যাটেজি গ্রহণ করুন। অর্থাৎ বিভিন্ন মেয়াদে ভাগ করে এফডি খুলুন।
এতে সব আমানত একসঙ্গে কম সুদের ফাঁদে পড়বে না, আবার সুদের চক্র ঘুরলে উচ্চ হারে পুনরায় বুকিংয়ের সুযোগও পাওয়া যাবে।
প্রবীণ নাগরিকদের জন্য তাঁর পরামর্শ ব্যাঙ্ক এফডি, উচ্চ রেটেড কর্পোরেট এফডি ও স্মল সেভিংস স্কিমের মিশ্রণে গড়ে তুলুন নিরাপদ ও ভালো রিটার্নের ঝুঁকিমুক্ত পোর্টফোলিও।
বিবাভঙ্গল অনুকূলকারা প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ মৌর্যও একই মত পোষণ করেন। তাঁর মতে, "অত্যন্ত আকর্ষণীয় এফডি রিটার্নের যুগ আপাতত শেষ," তবে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। তিনিও ল্যাডারিংকেই সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে উল্লেখ করেছেন।
তবে রেপো রেট কমার ফলে নতুন এফডির সুদ কমার সম্ভাবনা স্পষ্ট। তবে পুরনো আমানতে কোনও প্রভাব পড়বে না। তাই যারা উচ্চ রিটার্ন নিশ্চিত করতে চান, তারা দ্রুত মেয়াদি এফডি লক করে ফেলতে পারেন। আর যাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে, তাদের জন্যই ল্যাডারিং হতে পারে সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের পথ।












Click it and Unblock the Notifications