সুপ্রিম কোর্টের রায়ের পরেই বড় সিদ্ধান্ত! রাতারাতি আবার শুল্ক বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প, কত?
সুপ্রিম কোর্টের রায়ের পরেই পাল্টা পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে ঘোষিত হওয়া ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাড়িয়ে সরাসরি ১৫ শতাংশ করার ঘোষণা দিলেন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় ঘোষণা
নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ ট্রাম্প লিখেছেন যে, সুপ্রিম কোর্টের দুর্বল এবং আমেরিকা বিরোধী রায় খতিয়ে দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি যে, বহু বছর ধরে বিভিন্ন দেশ আমেরিকার অনেক সুযোগ নিয়েছে, তাই এবার পাল্টা কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও জানিয়েছেন যে, তাঁর প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে নতুন হারে শুল্ক আইনি প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করবে।
আইনি ভিত্তি কী?
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারায় প্রেসিডেন্ট সবচেয়ে বেশি ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারেন। কিন্তু সেটা শুধুমাত্র ১৫০ দিনের জন্য। তারপর কংগ্রেসের অনুমোদন করা দরকার। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
কেন এরকম পরিস্থিতি?
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস (Supreme Court of the United States) ট্রাম্পের আগের শুল্কগুলিকে বেআইনি বলে বাতিল করে দিয়েছিল। আদালত জানিয়েছিল যে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স আইন (International Emergency Economic Powers Act) ব্যবহার করে ইচ্ছামতো শুল্ক কোনওভাবেই চাপানো যায় না। আদালত স্পষ্ট বার্তা দেয় যে, প্রেসিডেন্টের ক্ষমতার সীমা রয়েছে।
ট্রাম্পের প্রতিক্রিয়া
আদালতের সেই রায়ের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, তাঁর হাতে এখনও অন্য একটি উপায় রয়েছে। নিষেধাজ্ঞা জারি করে কোনও দেশের বাণিজ্য ব্যবস্থাকেই নাড়িয়ে দিতে পারেন তিনি। আদালতের যুক্তিকে হাস্যকর বলেও কটাক্ষ করেন ট্রাম্প।
তারপরেই বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত কার্যকর করেন তিনি।












Click it and Unblock the Notifications