লিটার প্রতি পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক চাপাল সরকার
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম একেবারে তলানিতে। এমন একটা সময়ে ভারত সরকার পেট্রোলে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা শুল্ক বাড়াল।

দুটি আলাদা বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানিয়েছে, পেট্রোলে শুল্ক ৮ টাকা ও তার সঙ্গে বিশেষ অতিরিক্ত শুল্ক ২ টাকা অর্থাৎ সবমিলিয়ে ১০ টাকা বেশি আদায় করা হবে। অন্যদিকে অতিরিক্ত শুল্ক ডিজেলে ৮ টাকা ও তার সঙ্গে বিশেষ অতিরিক্ত শুল্ক ৫ টাকা, সব মিলিয়ে মোট ১৩ টাকা লিটার প্রতি সরকার বেশি আদায় করবে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে পেট্রোল ও ডিজেলের খুচরো বিক্রিতে এর প্রভাব পড়বে না। এই দাম তেলের মার্কেটিং কোম্পানিগুলিকে বহন করতে হবে। এবং খুচরো বিক্রিতে বেশি দাম আদায় করা যাবে না।
এর আগেও সরকার তেলের দাম কম থাকার সুবিধা তুলতে গিয়ে পেট্রোল ও ডিজেলে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। এখান থেকে যে রাজস্ব আদায় হবে তা পরিকাঠামো উন্নয়ন ও অন্যান্য খাতে ব্যয় করা হবে বলে এক সরকারি আধিকারিক জানিয়েছেন।
এই মুহূর্তে সরকার অপেক্ষা করছে কবে লকডাউন উঠে গিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। তখন গিয়ে রাজস্ব আদায় বেশি হবে। গত মার্চ মাসেও পেট্রোল ও ডিজেলে ৩ টাকা করে শুল্ক বাড়ানো হয়েছিল।
এক্ষেত্রে বলে রাখা ভালো পেট্রোল ও ডিজেলে যেহেতু জিএসটি চাপে না, সেজন্য বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজস্ব ঘাটতি কমাতে লেভি আদায় করে।
সম্প্রতি রিপোর্ট এসেছে গত এপ্রিল মাসে অটোমোবাইল সেক্টরে গাড়ি বিক্রির হার তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় এখান থেকে কীভাবে বাজার ঘুরে দাঁড়াবে তা নিয়ে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications