সব চ্যালেঞ্জ–টাস্কের কঠিনতা পেরিয়ে বিগ বস ১৪–এর বিজয়ীর মুকুট পরলেন রুবিনা দিলায়েক
বিগ বস ১৪–এর বিজয়ীর মুকুট পরলেন রুবিনা দিলায়েক
এটাই যে হওয়ার সম্ভাবনা ছিল তা সকলেই কিছুটা হলেও ইঙ্গিত পেয়েছিলেন। তবে রবিবার বিগ বস ১৪ শো জিতে সকলের অনুমানকে সত্যি প্রমাণিত করলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুবিনা দিলায়েক। সাড়ে চার মাসের বিনোদন, ঝগড়া এবং রোমান্সের পর রবিবার ফাইনাল পর্বে এসে বাজিমাত করলেন রুবিনা এবং বাড়িতে নিয়ে গেলেন পুরস্কারের ৩৬ লক্ষ টাকা। রুবিনার স্বামী তথা এই শোয়ের প্রাক্তন সদস্য অভিনব শুক্লা রবিবার রাতে উপস্থিত ছিলেন। অভিনব ও রুবিনাই বিগ বসের শেষ সদস্য ছিলেন।

স্বামী অভিনব শুক্লার সঙ্গে বিগ বসের বাড়িতে প্রবেশ করেছিলেন রুবিনা দিলায়েক। বাড়িতে প্রবেশের পর থেকেই তাঁর জীবন যেন রোলার কোস্টারে চেপে ঘুরছে। বিগ বসের প্রথমদিকে তিনি রিজেক্টেড সদস্য হিসাবে বাড়ির বাইরে বহুদিন কাটিয়েছেন। রুবিনা বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও কখনও হার মানেননি। আর এটাই ছিল তাঁর ইউএসপি। এমনকী তিনি অনেক সময়ই শোয়ের সঞ্চালক সলমন খানের মতের সঙ্গেও একমত হতেন না। রুবিনার স্বামী অভিনবকে সলমন খান 'সামান’ (জিনিস) বলে অবিহিত করায় অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন রুবিনা।
তিনি তাঁর অসন্তোষ প্রকাশ করেছিলেন বিগ বসের কাছে এবং এই শো ছেড়ে চলে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। যদিও অভিনব পরিস্থিতি বুঝতে পারেন এবং তিনি রুবিনাকে শোতে থাকার জন্য মানিয়ে নেন। বিগ বসে থাকাকালীন রুবিনা চ্যালেঞ্জিং পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছেন, যেখানে তিনি তাঁর জীবনের সবচেয়ে গোপন কথা শেয়ার করেন বিগ বস ও দর্শকদের সঙ্গে। তাঁর ও অভিনবের বৈবাহিক সমস্যার কথা তুলে ধরেন রুবিনা। যদিও বিগ বসে থাকাকালীন তাঁর ও অভিনবের মধ্যে সম্পর্ক আরও ভালো ও দৃঢ় হয়। এই দুই যুগল সিদ্ধান্ত নেন যে বিগ বসের পর তাঁরা ফের বিয়ে করবেন।
রুবিনা প্রত্যেকটা টাস্কে তাঁর সেরা পারফর্ম দেখিয়েছেন। শক্তি অভিনেত্রী বিগ বসের শোতে সবসময়ই সরব ছিলেন যে কোনও বিষয়ে। যে কারণে তিনি সবসময়ই অন্য সদস্যদের কাছে নিন্দিত হতেন। বিগ বসের বাড়িতে রুবিনার সঙ্গে জ্যাসমিনের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হতে দেখেছেন দর্শকরা। সলমন খানের কাছে তিনি সর্বদাই ভর্ৎসিত হতেন এবং নমিনেশনের তালিকায় তাঁর নাম থাকবে না তা একদিনও হয়নি। কিন্তু বিগ বসের বাড়িতে প্রথম থেকে যে সদস্য টিকে ছিলেন তিনি হলেন একমাত্র রুবিনা দিলায়েক। তাই তাঁরই প্রাপ্য ছিল বিগ বসের তৃতীয় চোখের আকারের ট্রফিটি। ফাইনালের দিন রুবিনা ও অভিনবকে রোমান্টিক গানে পারফর্ম করতে দেখা গিয়েছে। তবে রুবিনা দিলায়েক বিজয়ী হওয়ায় অনেকেই খুশি হয়েছেন।












Click it and Unblock the Notifications