টুইটারের পথে মেটা, বিশ্বজুড়ে ১০ শতাংশ কর্মী বরখাস্ত করতে চলেছেন মার্ক জুকারবার্গ
টুইটারের পথে মেটা, বিশ্বজুড়ে ১০ শতাংশ কর্মী বরখাস্ত করতে চলেছেন মার্ক জুকারবার্গ
ফেসবুকের মূল সংস্থা মেটা প্লাটফর্ম ইনকর্পোরেটেড বুধবার ব্যাপক অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম রাজস্ব বৃদ্ধি ও বিজ্ঞাপনের হ্রাসের জেরে ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মেটার প্রধান মার্ক জুকারবার্গ সংস্থার শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই কর্মী সংখ্যা কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মী বরখাস্তের সিদ্ধান্ত মেটার
মেটার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সেপ্টেম্বরেই মার্ক জুকারবার্গ কর্মী কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। এই বিষয়ে তিনি কর্মীদের সতর্ক করেছিলেন বলে জানা যায়। সেপ্টেম্বরে মার্ক জুকারবার্গ বলেন, তিনি ব্যয় কমানো ও দল পুনর্গঠন করতে চলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, ২০২৩ সালে মেটাক কর্মী সংখ্যা কমে যাবে। ফেসবুকের পাশাপাশি মেটার অধীনে হোয়াটস অ্যাপ রয়েছে।

জুকারবার্গের সতর্কবার্তা
৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেটার অধীনে প্রায় ৮৭,০০০ জন কাজ করছেন। সূত্রের খবর, মার্ক জুকারবার্গ মেটা থেকে ১০ শতাংশ কর্মীকে বরখাস্ত করতে পারেন। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এই প্রথম এত বড় আকারে কর্মী বরখাস্ত করা হচ্ছে। ডিজিট্যাল বিজ্ঞাপনের হ্রাস, শুল্ক বৃদ্ধির জেরে ক্ষতির মুখে মেটা। সেখান থেকেই ব্যয় কমানোর পথে হাঁটছে সংস্থা। সেপ্টেম্বরে কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন মার্ক জুকারবার্গ। সেখানে তিনি বলেন, ফেসবুকের জন্মের পর থেকেই সংস্থা ক্রমশ বড় হয়েছে। কিন্তু বর্তমানে ব্যয় বেশি হওয়ার কারণে আয়ের সঙ্গে সামঞ্জস্য থাকছে না। সেই সামঞ্জস্য আনতে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তিনি বলেন, ২০২৩ সালে মেটার কর্মী সংখ্যা কমতে পারে।

টুইটারে কর্মী ছাঁটাই
ইলন মাস্ক টুইটার কেনার পর সংস্থার ব্যাপকহারে কর্মী ছাঁটাই করা হয়েছে। সারা বিশ্বে টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ইলন মাস্কের তরফে আগেই জানানো হয়েছিল, টুইটারের কর্মী সংখ্যা তিনি হ্রাস করবেন। সেই পথেই হাঁটেন ইলন মাস্ক। টুইটার কেনার পরেই তিনি কার্য নির্বাহী আধিকারিক পরাগ আগরওয়াল সহ শীর্ষস্থানীয় কয়েকজন আধিকারিককে বরখাস্ত করেন। গত শুক্রবার টুইটারের তরফে জানানো হয়, সারা বিশ্বে টুইটারের সমস্ত দফতর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, টুইটারের গ্রাহকদের তথ্য কর্মীরা আর পাবেন না। সেই সুযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কর্মীদের বরখাস্ত করা হচ্ছে কি না, তা ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে সংস্থার তরফে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট
বিশ্বের একাধিক দেশে প্রবল মুদ্রাস্ফীতি ও আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে জানিয়েছিলেন, ২০০৮ এর পর ২০২২ সালের শেষের দিকে আর্থিক সঙ্কট দেখতে পাওয়া যাবে। ২০২৩ সালে তা মারাত্মক আকার ধারণ করবে। আর্থিক সঙ্কটের মুখে আমেরিকাও পড়বে বলে জানান অর্থনীতিবিদরা। ইতিমধ্যে ব্রিটেনে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করেছে। অন্যদিকে, আমেরিকাতেও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ায়। যার জেরে নতুন করে মুদ্রাস্ফীতি বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications