ফের সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, বাংলার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
গত সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকার পর এই সপ্তাহ জুড়েও একইরকমের পূর্বাভাসের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী এক সপ্তাহ কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তার সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমের দিকে থাকবে।
জানা গিয়েছে, একটি নিম্নচাপ বর্তমানে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে এই নিম্নচাপটির পশ্চিমবঙ্গের ওপর সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে বাংলা জুড়ে বৃষ্টিপাত চলবে।

যদিও নিম্নচাপের সরাসরি প্রভাব নেই, তবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই পাঁচটি জেলায় আগামী বুধবার পর্যন্ত দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিস্থিতি সপ্তাহ জুড়ে চলতে পারে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়নি, যার ফলে নিম্নচাপের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়ছে না। তবে, বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে।












Click it and Unblock the Notifications