লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি! শতাধিক পুরুষের নাম কৃষ্ণনগরের একটি ব্লকেই, এলাকায় চাঞ্চল্য
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেছেন, এই দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিন নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তার নাম উঠে আসা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
মহিলাদের জন্য নির্ধারিত এই প্রকল্পের অর্থ পুরুষেরা নিয়েও চলেছিলেন। বহরমপুরের রাকিবুল শেখ, রঘুনাথগঞ্জের তারিকুর রহমান ও মুস্তাফিজুর রহমানের মতো তৃণমূল নেতারা গ্রেফতার হয়েছেন। জেলায় জেলায় অভিযানে বহু লোকের নাম উঠে আসছে।

কৃষ্ণনগর ২ ব্লকের বিডিও অফিসের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১৭৩ জন পুরুষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়ে তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছেছে। নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তালিকা যাচাই করতে গিয়েই এই জালিয়াতি ধরা পড়েছে। এর প্রেক্ষিতে বিডিও জেলাশাসকের কাছে নাম বাতিলের আবেদন করেছেন।
এই ঘটনায় বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের সোমবার ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, কাউকে ছাড়া হবে না। ডিজিকে এসআইটি গঠন করতে বলা হয়েছে।"
মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে, তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে যেতে পারে। তিনি বলেন, "অবৈধ অনুপ্রবেশকারী সহ হাজার হাজার তৃণমূল নেতা যারা মহিলা নন, বা প্রকল্পের আওতার বাইরে, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন। কাউকে ছাড়ব না।"












Click it and Unblock the Notifications