তৃণমূল একের পর এক ফাউল করছে! দুর্নীতি নিয়ে মমতার সরকারকে নিশানা মোদীর
তৃণমূল একের পর এক ফাউল করছে! দুর্নীতি নিয়ে মমতার সরকারকে নিশানা মোদীর
এবারের ভোটের আগে রাজ্যে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) প্রথম নির্বাচনী সভা। হলদিয়ার সেই সভা থেকেই দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং তৃণমূল কংগ্রেসকে(trinamool congress) নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। তৃণমূল একের পর এক ফাউল করছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

তৃণমূল একের পর এক ফাউল করছে
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলার মানুষ ফুটবলকে ভালোবাসে। কিন্তু তৃণমূল এখানে অনেক ফাউল করেছেন। এব্যাপারে তিনি বিরোধীদের ওপর হামলা থেকে, লুটপাটের মতো অভিযোগও তুলে ধরেন। মোদী বলেন, বাংলার মানুষ এই কারণে তৃণমূলকে লালকার্ড দেখাতে যাচ্ছে। এদিন প্রধানমন্ত্রীর মুখে পিসি-ভাইপো থেকে শুরু করে সিন্ডিকেট তোলাবাজির কথাও উঠে এসেছে। তিনি বলেছেন, পিসি-ভাইপোকে বাংলার মানুষ ক্ষমতা থেকে সরাবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, সিন্ডিকেট আর তোলাবাজি আর কিছু দিনের জন্য এই রাজ্যে থাকবে।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
করোনা কালে কেন্দ্রের রেশন রাজ্যের সবার কাছে পৌঁছে দেওয়া যায়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। গরিবদের রেশন লুট করা হয়েছে। কেন্দ্রের অর্থ নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আম্ফানের পরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যে আদালতও এর ওপরে মন্তব্য করেছে। ঝড়ের পরে কেন্দ্রীয় সরকারের টাকায় কী হয়েছে, তা বাংলার মানুষ জানে বলে মন্তব্য করেছেন তিনি। রাজ্যে দুর্নীতির পাশাপাশি বামেদের করা হিংসার পুনরুজ্জীবন হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

সরকারি নীতি নিয়ে নিশানা
হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রীর অভিযোগ রাজ্যে তৃণমূল একের পর এক ফাউল করছে। এব্যাপারে তিনি বলেন, সরকার এখানকার উন্নয়ন প্রকল্প আটকে দিচ্ছে। নতুন রাষ্ট্রী শিক্ষা নীতি এই রাজ্যে লাগু হয়নি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মানুষ এক দেশ এক রেশন কার্ডের সুবিধাও পাননি। পাশাপাশি এখানকার সরকারের বাধার কারণে কৃষকদের কাছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পৌঁছে দেওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি। গত ১০ বছরে মমতা নয়, নির্মমতা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দিদির কাছে বাংলার অধিকারের কথা জিজ্ঞাসা করলেই তিনি রেগে যান বলে মন্তব্য করেছেন মোদী।

মমতাকে নিশানা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উনি ভারতমাতার জয় শুনলে রেগে যান। কিন্তু দেশের বিরুদ্ধে যাঁরা, তাঁদের বিরুদ্ধে দিদির কোনও রাগ নেই বলেও মন্তব্য করেন তিনি। অসমের শোনিতপুরের পাশাপাশি এদিন হলদিয়াতেও প্রধানমন্ত্রী বলেন, দেশকে কালিমালিপ্ত করতে বিদেশি শক্তি সামনে আসছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নন্দীগ্রামে যাঁরা গুলি চালিয়েছিল তাঁদের কেন তৃণমূলে নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications