নন্দীগ্রাম নিয়ে মমতা কোমর বেঁধে নামছেন! পূর্ব মেদিনীপুর ফোকাসে রেখে অখিলকে ফোন সুপ্রিমোর
ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এবার ২ রা মে নীলবাড়ি দখলের লড়াই নিয়ে সমস্ত মহলের তৎপরতা তুঙ্গে। এদিকে ভোটের নির্ঘণ্ট সামনে আসতেই নন্দীগ্রাম ঘিরে গোটা দেশের ফোকাস ক্লোজ হচ্ছে। কারণ এই হাইভোল্টেজ আসনেই লড়ে জেতার চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন মমতা। যে আসন অধিকারীগড় মেদিনীপুরের বুকে একটি গুরুত্বপূর্ণ এলাকা।

মমতা শিবির কোমর বেঁধে নামছে
এদিকে নন্দীগ্রাম নিয়ে কোমর বেঁধে যে ময়দানে নামবে তৃণমূল তা আগেই জানান দিয়েছে মমতা শিবির। খোদ দলনেত্রী সেখানের সভায় এসে নিজের প্রার্থীপদ ঘোষণা করেন। জানিয়ে দেন নন্দীগ্রাম তাঁর লাকি জায়গা। এদিকে, ভবানীপুর থেকে মমতা লড়ছেন কী না সেই প্রশ্নে রহস্য বাড়িয়ে এখনও তৃণমূলের তরফে তুরুপের তাস ফেলা বাকি রয়েছে বলে মনে করছেন অনেকেই। সেই জায়গা থেকে ভোট ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুরে অখিল গিরির কাছে ফোন গিয়েছে মমতার।

মমতার ফোন অখিল গিরিকে
জানা হিয়েছে, ভোট ঘোষণা হতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অখিল গিরিকে। খোঁজ নেন পূর্ব মেদিনীপুর নিয়ে। এলাকায় তৃণমূলের জমি কতটা পোক্ত তা খোঁজ নিতেই অখিল গিরিকে ফোন করেন মমতা। পূর্ব মেদিনীপুরের সমস্ত আসনের খোঁজ খবর তিনি নিয়ে নেন বলে জানা যাচ্ছে।

রমানগর ও দক্ষিণ কাঁথি আসন
'নিউজ এইট্টিন বাংলা'র খবর বলছে , মমতা বন্দ্যোপাধ্যায় রামনগরের বিধায়ক অখিল গিরিকে ফোন করে প্রশ্ন করেন 'রামনগরে জিতবি তো?' এর সঙ্গেই ওই সংবামাধ্যমের সূত্র বলছে, মমতা নাকি রামনগর আসন নিয়ে কার্যত অখিল গিরির নামে শিলমোহর দিয়ে দিয়েছেন। এদিকে অধিকারীগড়ের দক্ষিণ কাঁথি আসন সম্ভবত অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি পেতে পারেন বলেও খবর রয়েছে।

শুভেন্দু ফ্যাক্টর ও পূর্ব মেদিনীপুর
মূলত পূর্ব মেদিনীপুর শুভেন্দুর পরিবার অধিকারীদের গড় হিসাবে খ্যাত। তবে শুভেন্দু বেসুর হতেই এবং তাঁর দলবদলের পর এলাকায় সভা করে ফিরহাদ থেকে সৌগতরা জানিয়েছেন, কোনও এলাকা 'কারোর জমিদারি নয়'। যে বক্তব্যে শিশির অধিকারীরা খানিকটা মনক্ষুণ্ণ হয়েছেন বলে জানা যায় বিভিন্ন সূত্রে। এদিকে, নন্দীগ্রামের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু বিজেপিতে যেতেই এই আসনে মমতা নিজে লড়াই করে জেতার বার্তা দিয়েছেন। পাল্টা শুভেন্দুর দাবি তাঁর এলাকায় ৫০ হাজার ভোটে মমতাকে হারাবে বিজেপি। এমন এক পরিস্থিতিতে নন্দীগ্রাম নিয়ে কোমর কষছে মমতা শিবির।

নন্দীগ্রামের লড়াই
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রার্থীপদ নন্দীগ্রাম থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। এদিকে, বিজেপি এখনও এই আসনে কোন দাবার ঘুঁটিকে নামায় তা নিয়ে রয়েছে জল্পনা। অন্যদিকে বাম,কংগ্রেস ও আব্বাসদের জোটের মধ্যে সেখানে আব্বাসরা প্রার্থী দিয়ে মমতার মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছে। এমন অবস্থায় নিজের জমি কতটা পোক্ত তার খোঁজ একপ্রস্থস নিয়ে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।












Click it and Unblock the Notifications