ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা, বাংলাকে বংগাল বলা নিয়ে প্রশ্ন মমতার
ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা, আর কী বললেন মমতা
ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপির (bjp) বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । এদিন তিনি দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে বলেন, বাংলাকে নিয়ে কেউ কেউ ব্যাঙ্গ করেন। ভয় দেখান। এরপরেই তিনি বলেন, বিজেপি তো নেংটি ইঁদুর (rat), ওদের ভয় পাব কেন। ভাষার সঙ্গে রাজ্যের নাম জড়িয়ে আছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাকে বংগাল বলা নিয়ে প্রশ্ন
বাংলাকে হিন্দিভাষীদের অনেকেই বংগাল বলেন। যাঁদের মধ্যে রয়েছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। ভাষা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি সব ভাষাকেই সম্মান করেন। রাজ্যে অনেক ভাষাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। তবু কেন বাংলাকে বংগাল বলা হবে প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাকে নিয়ে কেউ কেউ ব্যাঙ্গ করেন বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলার মেরুদণ্ড ভাঙা সহজ নয়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে বলেন, তাঁর কাছে খবর এসেছে, দিল্লির বিজেপি নেতারা নাকি বলেছেন, বাংলার মেরুদণ্ড কী করে ভেঙে দিতে হয়, তা তারা জানেন। এব্যাপারে তিনি বলেন, যতক্ষম প্রাণ রয়েছে, ততক্ষণ তিনি ভয় পান না। বাংলার মেরুদণ্ড ভাঙা অত সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্যের নাম বদলের দাবিতেও সরব মুখ্যমন্ত্রী
ভাষা দিবসের অনুষ্ঠানে রাজ্যের নাম বদলের দাবিতে সরব হয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভাষার সঙ্গে রাজ্যের নাম জড়িয়ে রয়েছে। চার বছর ধরে রাজ্যের নতুন নামে কেন্দ্র অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
প্রসঙ্গত ২০১১-তে ক্ষমতায় এসেই রাজ্যের নাম বদলাতে উদ্যোগী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতীক নিয়েও উদ্যোগী হয়েছিলেন তিনি। কেন্দ্র প্রতীকে অনুমোদন দিলেও নাম বদলে এখনও অনুমোদন দেয়নি। প্রথমে এই সরকার বিধানসভায় রাজ্যের নাম বদল নিয়ে যে বিল পাশ করেছিল তাতে বলা ছিল রাজ্যের নতুন নাম হবে বাংলা আর ইংরেজিতে বেঙ্গল। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রীকে বলেছিলেন কেন্দ্র বাংলা ও ইংরেজিতে পৃথক নামে ইচ্ছুক নয়। দুটিতেই এক নাম থাকা উচিত। এরপর রাজ্য সরকার দুটি নামই 'বাংলা' করার প্রস্তাব পাশ করার বিধানসভা। তারপর তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এব্যাপারে বিজেপির মন্তব্য হল এক ঐতিহাসিক কারণে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হয়েছে। দেশভাগের ফলেই তা হয়েছে। ফলে তারা রাজ্যের নাম বাংলা করার পক্ষপাতি নয়।

বিজেপিকে নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা
এদিনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা করেন। তারপরেই তিনি বলেন, বিজেপিকে ভয় পাবেন কেন। তিনি বলেন, বাঘের বাচ্চা ইঁদুরকে দেখে ভয় পায় না। বাংলা ভাষাই তা শিখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications