করোনা পরিস্থিতিতে পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও! নজর সরকারি সিদ্ধান্তের উপর
করোনা পরিস্থিতিতে পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও!
মাধ্যমিক নিয়ে অনিশ্চয়তা তো ছিলই। এবার প্রশ্ন উঠেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও। করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এবার পরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
বুধবার মহুয়া দাস বলেন, মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত হবে, সে দিকেই তাকিয়ে আছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ''পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান আর কিছুও নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের।"
এবছর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা আগামী ১ জুন থেকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ১৫ জুন থেকে।
অর্থাৎ মাধ্যমিকের জন্য আর মাত্র ২০ দিন আর উচ্চমাধ্যমিকের জন্য আর মাত্র মাস খানেক সময় আছে। সেক্ষেত্রে, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে যথাসময়ে পরীক্ষা নেওয়া আর সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
তবে পরীক্ষা বাতিল, না স্থগিত করা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। আগেই মাধ্যমিক নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়ে দেন, রাজ্যের করোনা পরিস্থিতি এ ভাবে চলতে থাকলে নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে নাকি বাতিল করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। নিজেদের মতামত শিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে পর্ষদ।
ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে স্কুলশিক্ষা সচিব মণীশ জৈন পর্ষদ সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।












Click it and Unblock the Notifications