মমতাদি এত ভয় পাচ্ছেন কেন? পরিবর্তনের ডাক দিয়ে ভোট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নাড্ডার
বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন। মিলবে কৃষক সম্মান নিধি। মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়তে চাই। কলকাতায় এসে এ কথাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোনার বাংলা গড়ার লক্ষ্যে মানুষের পরামর্শ চেয়েছেন তিনি। পাশাপাশি এদিন জেপি নাড্ডা প্রশ্ন তোলেন, মমতাদি এত ভয় পাচ্ছেন কেন?

৩০ হাজার সাজেশন বক্স
নাড্ডা এ দিন জানান, '২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই এই বক্স বসানো হবে। ৩০ হাজার সাজেশন বক্স বসানো হচ্ছে আমরা রাজ্যের ২ কোটি মানুষের মতামত নেব।' বিজেপির এই কর্মসুচির নাম দেওয়া হয়েছে লক্ষ্য সোনার বাংলা। জেপি নাড্ডা দাবি করেন, 'বাংলার মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়তে চাই। বাংলা ফের ভারতকে পথ দেখাবে।'

বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে
নাড্ডার প্রতিশ্রুতি, 'বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন লাগু হবে। শিক্ষা ক্ষেত্রে স্কলার শিপ চালু হবে। রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার হবে। রাজ্যে সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ হবে। বাংলার সংস্কৃতি সারা দেশের মানুষ কে দিশা দেয়। সেই সংস্কৃতির ফিরিয়ে আনবে বিজেপি। বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেই হৃতগৌরব পুনরুদ্ধার করাই বিজেপির লক্ষ্য।'

আমফানের টাকার অডিট করতে মমতার এত আপত্তি কেন?
এদিন তৃণমূলকে আক্রমণ শানিয়ে জেপি নাড্ডা বলেন, 'বাংলার মানুষের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাংলার চা বাগানের উন্নয়নে এক হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই টাকা খরচ হচ্ছে না সঠিক খাতে। কাটমানি সংস্কৃতি থেকে বাঁচিয়ে চা বাগানের উন্নয়ন করতে হবে। আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী সাহায্য করেছেন। সেই টাকা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছয়নি। যে আনাজ পাঠানো হয়েছে, তা মিলেছে তৃণমূল কর্মীদের ঘরে। আমফানের টাকার অডিট করতে মমতার এত আপত্তি কেন?'

বাংলায় আর কাটমানি সংস্কৃতি থাকবে না
এদিন জেপি নাড্ডা আরও বলেন, 'ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশন চালু করা হবে। বাংলায় আর কাটমানি সংস্কৃতি থাকবে না। মাওবাদী তৎপরতা বন্ধ করাও আমাদের অন্যতম লক্ষ্য। কয়লা পাচার বন্ধ করা হবে। দেশজুড়ে ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে। দেশে ৮ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। রাজ্যেও ৭৮ লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছে।'












Click it and Unblock the Notifications