Weather Update: উত্তর ভারতে শীতলতম দিনের সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা! রয়েছে তুষারপাতের পূর্বাভাসও
Weather Update: তীব্র ঠান্ডার কবলে উত্তর ভারতের রাজ্যগুলি। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কমেছে রাতের তাপমাত্রাও। সঙ্গে তীব্র কুয়াশার কারণে মানুষ সূর্যের আলোও বেশি পাচ্ছেন না। যে কারণে শীত অনূভূত হচ্ছেও বেশি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিন উত্তর ভারতের মানুষজন প্রবল ঠান্ডার মুখে পড়তে চলেছেন। সঙ্গে কুয়াশার মোকাবিলাও করতে হবে। মেঘ ও কুয়াশার চাদর সূর্যের আলো প্রবেশে বাধা দিচ্ছে। যে কারণে একদিকে যেমন তাপমাত্রা কমে যাচ্ছে, অন্যদিকে দৃশ্যমানতাও কমে যাচ্ছে। অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষজন।

আবহাওয়া দফতরের তরফে আগামী দুদিন কুয়াশার কারণে দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। পাশাপাশি দিল্লি-এনসিআরের জন্য দুদিনের শীতলতম দিনের সতর্কতাও জারি করা হয়েছে। এই সময়ের জন্য সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ কিংবা তার থেকে কিছুটা বেশি হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ার তীব্র শীত বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দিল্লির মতো আবহাওয়া নয়ডাতেই। গাজিয়াবাদ ও গুরুগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আট ডিগ্রি সেলসিয়াসে। ফরিদাবাদের তাপমাত্রাও একই থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ ও ৩১ ডিসেম্বর পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে খুব ঠান্ডা পড়তে চলেছে। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইতে পারে এইসব রাজ্যে। পশ্চিম উত্তর প্রদেশও তীব্র ঠান্ডার কবলে। উত্তর প্রদেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি কাছাকাছি থাকবে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রিতে নেমে যেতে পারে।
পঞ্জাবের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ১৮ ও আট ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বিহারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজস্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ও ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু-কাশ্মীর-লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উঁচু জায়গাগুলিতে তুষারপাত কিংবা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। শ্রীনগরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ১০ ও -৩ ডিগ্রি সেলসিয়াস। সিমলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ১৪ ও ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ডের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে নয় ডিগ্রি সেলসিয়াস।
বাংলায় দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications