তৃণমূলে যোগ দিলেন টাইগার! গুরুংকে হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদলে চমক
বিমল গুরুং তৃণমূলকে সমর্থনের বার্তা দিয়ে পাহাড়ে ফিরেছেন সাড়ে তিন বছর পর। তাঁর পাহাড়ে পা রাখার দিনেই ডুয়ার্সের আদিবাসী বিকাশ পরিষদের নেতা হুঙ্কার ছেড়েছিলেন। বলেছিলেন তিনি ঢুকতে দেবেন না বিমল গুরুংকে।
বিমল গুরুং তৃণমূলকে সমর্থনের বার্তা দিয়ে পাহাড়ে ফিরেছেন সাড়ে তিন বছর পর। তাঁর পাহাড়ে পা রাখার দিনেই ডুয়ার্সের আদিবাসী বিকাশ পরিষদের নেতা হুঙ্কার ছেড়েছিলেন। বলেছিলেন তিনি ঢুকতে দেবেন না বিমল গুরুংকে। সেই আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকড়া ওরফে টাইগার এবার যোগ দিলেন তৃণমূলে।

তৃণমূলে যোগদানে ডুয়ার্সের সমীকরণ আমূল বদল
একুশের ভোটে মোর্চা নেতা বিমল গুরুংয়ের সমর্থন তৃণমূলের দিকে থাকায় পাহাড়ে় রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল আগেই, এবার টাইগারের তৃণমূলে যোগদান ডুয়ার্সের সমীকরণ আমূল বদলে দিল। শুধু ডুয়ার্সের সমীকরণই নয়, তৃণমূল উত্তরের আদিবাসী ভোটকেও অনেকটা করায়ত্ত করতে সমর্থ হবে টাইগার দলে আসায়।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন আদিবাসী নেতা
সোমবার রাজেশ লাকড়া ওরফে টাইগার যোগ দেন তৃণমূল কংগ্রেস। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূলের সাধারণ সম্পাদর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে রাজেশ যোগ দেন তৃণমূলে। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েই আদিবাসী সমাজ ও চা শ্রমিকদের সমস্যা দূরীকরণে রাজ্য সরকারের অবদানের কথা তুলে ধরেন তিনি।

তৃণমূল প্রার্থীদের সমর্থনে আদিবাসী বিকাশ পরিষদও
রাজেশের সরাসরি তৃণমূলে যোগদান ডুয়ার্সে বিজেপির চিন্তা বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। রবিবার কার্শিয়াংয়ে সভা করে বিমল গুরুং জানান সমতলেও তৃণমূল প্রার্থীদের হয়ে ময়দানে নামবে মোর্চা। গুরুংয়ের এই বার্তা পর রাজেশ লাকরা হুঁশিয়ারি দিয়েছিলেন, গুরুংরা সমতলে প্রচারে নামলে আগুন জ্বলবে।

টাইগারের সরাসরি তৃণমূলে যোগদান চমক রাজ্য রাজনীতিতে
তার ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদলে রাজেশ লাকড়া ওরফে টাইগারের সরাসরি তৃণমূলে যোগদান চমক তো বটেই। তাঁর যোগদান ডুয়ার্সের রাজনীতিতে একটা মোড় নিয়ে আসবে। এটা একটা ভিন্ন ইঙ্গিত বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজেশ লাকড়া ওরফে টাইগার এবার তৃণমূলের প্রার্থী হতে চলেছেন।












Click it and Unblock the Notifications