‘একুশে জুলাই’য়ের দিল্লি পাড়ি, ২০২৪-এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে মুখ হতে চাইছে তৃণমূল
‘একুশে জুলাই’য়ের দিল্লি পাড়ি, ২০২৪-এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে মুখ হতে চাইছে তৃণমূল
এবার দিল্লিতেও ২১ জুলাই পালন করবে তৃণমূল কংগ্রেস। একুশের ভোটে বাংলায় সাফল্যের পর যে তৃণমূলের পরবর্তী লক্ষ্য ২০২৪-এ দিল্লির মসনদ, তা ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো সিদ্ধান্ত নেন, এবার বাংলার পাশাপাশি দিল্লি থেকেও একুশে জুলাই পালন করা হবে। দিল্লিতে তৃণমূল দফতরে সাংসদরা পালন করবেন ২১ জুলাই।

একুশে জুলাই প্রথমবার পালন দিল্লিতে
একুশের ২১ এবার। ২৭ বছেরে পা রাখতে চলেছে একুশে জুলাইয়ের শহিদ দিবস। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তৃণমূল ২০২৪-কে পাখির চোখ করেছে। সেই লক্ষ্যে সমস্ত আন্দোলন, কর্মসূচি ও অভিযান সাজাচ্ছে তারা। তারই ফলশ্রুতি একুশে জুলাইকে প্রথমবার দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে।

একুশের ২১ জুলাই যখন ভার্চুয়াল
প্রতিবার ধর্মতলায় শহিদ তর্পণ করে একুশে জুলাই পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে করোনার হানায় তা ভার্চুয়াল পালন করতে হয়। ২০২১-এ তৃণমূলের বিশাল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একুশের ২১ জুলাই বিজয় উৎসব পালন করা হবে। কিন্তু সেখানেও বাধ সেধেছে করোনা।

একুশে জুলাই ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থেকে এখনও মুক্ত নয় বাংলা। তাই এবারও একুশে জুলাই ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় শহিদ দিবস পালনে কতিপয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। সেখানে ভার্চুয়াল দেখা ও শোনা যাবে মমতার ভাষণ। রাজ্যের বিভিন্ন প্রান্তেও এ দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে তৃমমূল।

দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে একুশে জুলাই
এবার ২১ জুলাই স্বতন্ত্র হয়ে উঠেছে তৃণমূলের নয়া সিদ্ধান্তের পর। তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে, দিল্লিতে রাজধানীর বুকেও এবার একুশে জুলাই পালন করা হবে। তৃণমূলের কার্যালয়ে মঞ্চ গড়ে একুশে জুলাই পালন করবেন সাংসদরা। তৃণমূল সাংসদদের উপস্থিতিতে এই একুশে জুলাইয়ের শহিদ দিবস পালন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তৃণমূলের পরবর্তী লক্ষ্য ২০২৪-এ দিল্লির মসনদ
রাজ্যে টানা তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য ২০২৪-এ দিল্লির মসনদ। সেই লক্ষ্যে তিনি একুশের ভার্চুয়াল ভাষণ থেকে দলকে দিশা দেখাবেন। তার আগেই মাস্টারস্ট্রোক একুশে জুলাইকে দিল্লি নিয়ে যাওয়া। একুশে জুলাইয়ের শহিদ দিবস পালন এবার বাংলার পাশাপাশি দিল্লিতেও।

১৯৯৩-এ মমতার নেতৃত্বে যুব কংগ্রেসের আন্দোলনে চলে গুলি
উল্লেখ্য, ১৯৯৩-এ 'নো আইডেন্টিটি, নো ভোট' স্লোগানকে হাতিয়ার করে রাইটার্স অভিযান করেছিল যুব কংগ্রেস। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন তরতাজা যুবক। সেই শহিদদের স্মৃতি তর্পণে প্রতিবছর ২১ জুলাই পালন করা হয়।












Click it and Unblock the Notifications