'এত তাড়া কিসের!' SIR প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস, মঙ্গলে শুনানি?
এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছে। তৃণমূলের দুই সাংসদ, মালা রায় এবং দোলা সেন, এই মামলাটি করেছেন এবং মঙ্গলবারই এর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বলা হয়েছে, তৃণমূল এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে। কিন্তু এসআইআর-এর বিরোধিতা করছে না। তাদের মূল অভিযোগ, বাংলায় পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই এসআইআর শুরু করা হয়েছে। এতে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়াও তৃণমূলের দাবি, এই এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এমনকী এসআইআর সংক্রান্ত আতঙ্কে রাজ্যে একাধিক মৃত্যুর অভিযোগও উঠেছে। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এসআইআর ইস্যুতে সরব হয়েছেন।
তিনি স্পষ্ট জানান, আমি পরিষ্কার বলব, এই দু'মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। এসআইআর দু'বছর সময় নিয়ে করা হোক।
এর আগে, এসআইআর-এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে নেমেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, এসআইআরকে ব্যবহার করে আসলে বাংলায় এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে।
মমতার হুঁশিয়ারি, যদি বৈধ ভোটারদের নাম বাদ পড়ে, তাহলে রাজ্যের মানুষ তা মেনে নেবে না এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।












Click it and Unblock the Notifications