শোভনকে ‘ফিরে’ আসার বার্তায় ছয়লাপ কলকাতা! তবে কি তিনিই মেয়র পদপ্রার্থী
শোভনকে ‘ফিরে’ আসার বার্তায় ছয়লাপ কলকাতা! তবে কি তিনিই মেয়র পদপ্রার্থী
শোভনের সমর্থনে এবার পোস্টারে পোস্টারে ছয়লাপ কলকাতা। সব পোস্টারেই এক কথা- 'ফিরে আসুন, শোভনদা'। না, এই পোস্টার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরানোর বার্তায় নয়। বরং উল্টোটাই ঘটেছে কলকাতার বুকে। বিজেপির তরফে পোস্টার দেওয়া হয়েছে- কলকাতা পুরভোটে শোভনকে বিজেপির মেয়র পদপ্রার্থী করা হোক।

শোভনের সমর্থনে পোস্টার
দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পড়েছে শোভনের সমর্থনে পোস্টার। আবেদন- কলকাতা পুরসভায় স্বমহিমায় ফিরুন শোভনদা। সেই হোর্ডিংয়ে রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের ছবি, রয়েছে বিজেপির প্রতীক পদ্মফুলের ছবিও। আর নিচে লেখা- প্রচারে কলকাতার নাগরিকবৃন্দ। কোনও বিজেপি নেতা বা বিজেপির কমিটির নাম দেওয়া নেই সেখানে।

অন্তরাল থেকে ফেরার বার্তা
শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ফের অন্তরালে চলে গিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েও তিনি আজ পর্যন্ত বিজেপির কোনও কর্মসূচিতে যোগ দেননি। এরই মধ্যে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিয়ে নিজের তৃণমূলে ফেরার রাস্তা পরিষ্কার করতে গিয়েছিলেন। ফলে তাঁর তৃণমূলে ফেরার দিন গোনা শুরু হয়েছিল।

শোভনের সমর্থনে উঠল আওয়াজ
এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে তাঁকে বিজেপির হয়ে সক্রিয় হতে বার্তা দিয়েছিল। তাঁকে তলবও করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু কোনও কিছুতেই সাড়া মেলেনি শোভনের। এবার কলকাতায় পোস্টার-হোর্ডিং পড়ল তাঁর নামে। বিজেপির একটা অংশ তাঁকে মেয়র পদপ্রার্থী করতে তৎপর। এভাবেই তাঁরা শোভনের সমর্থনে আওয়াজ তুলল।

বিজেপির রাজ্য নেতৃত্বকে বার্তা
বিজেপিতে যাওয়ার পর থেকে শোভন রাজনৈতিক সন্ন্যাসে চলে গিয়েছে। ফলে তাঁর অনুগামীদেরও না ঘরকা না ঘাটকা অবস্থা। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, শোভনের অনুগামীরাই এই পোস্টার-হোর্ডিং লাগিয়ে থাকতে পারে। এই হোর্ডিংয়ের মাধ্যমেই তাঁরা বিজেপির রাজ্য নেতৃত্বকে বার্তা দিতে চাইছে।












Click it and Unblock the Notifications