কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্প, প্রথমবার উদ্যোগ রাজ্যের, জল পাবে ১.৩৭ কোটি গ্রামীণ পরিবার
কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্প, প্রথমবার উদ্যোগ রাজ্যের, জল পাবে ১.৩৭ কোটি গ্রামীণ পরিবার
রাজ্যে জল সরবরাহ করার জন্য কেন্দ্রের সঙ্গে হাত মেলালো তৃণমূল সরকার। বাংলার ১.৩৭ কোটি গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে জল দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় এই প্রকল্পের লক্ষ্য হল আগামী ২০২৪ সালের মধ্যে দেশের প্রায় ১৫০ মিলিয়ন অর্থাৎ ১৫ কোটি গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হবে।

নবান্নের এক শীর্ষ আধিকারিক এ প্রসঙ্গে বলেন, 'জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং (পিএইচডি) বিভাগ এই প্রকল্পের আওতায় ৯০ শতাংশ গ্রামীণ পরিবারকে পাইপের সাহায্যে জল সরবরাহ করবে। অর্থ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগও এই প্রকল্পের সঙ্গে জড়িত। দেশের সব গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে জল দিতে হবে কেন্দ্র এই প্রকল্পের উদ্যোগ নেওয়াতেই রাজ্য নড়েচড়ে বসেছে।’
প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকার স্বাস্থ্য বীমা পরিকল্পনা আয়ুষ্মান ভারত এবং কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করা যায় পিএম–কৃষকের মতো কেন্দ্রীয় প্রকল্পকে নাকচ করেছে। তাই জল জীবন মিশনের সঙ্গে রাজ্য যদি নিজেকে জড়ায়, তবে এটাই হবে প্রথম কেন্দ্রের সঙ্গে রাজ্যের যৌথ উদ্যোগ। কেন্দ্রীয় প্রকল্প থেকে দুরত্ব বজায় রাখার কারণই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দূরেই থাকতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, 'কেন্দ্রীয় প্রকল্প যদি এখানে বাস্তবায়িত না হয় তবে রাজ্যকে মোটা টাকা জরিমানা হিসাবে দিতে হবে। কেন্দ্রীয় খাদ্যনীতি অনুসারে সস্তার খাদ্যশস্য, স্বাস্থ্য বীমা ও কৃষকদের সরাসরি সুবিধা প্রদানের জন্য বার্ষিক প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। কেন্দ্রের জল জীবন মিশনের সঙ্গে হাত মেলানো তাই রাজ্যের বুদ্ধিমানের কাজ হবে। কারণ গোটা প্রকল্পটি শেষ করতে প্রায় ২ কোটি টাকা ব্যয় হবে।’
রাজ্য সরকারের আর এক অংশের আধিকারিকদের মতে সম্প্রতি দিল্লিতে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে নরম মনোভাব হয়েছে মুখ্যমন্ত্রীর। এক আধিকারিক বলেন, 'যদি মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান তবে তা রাজ্যের জন্যই ফলদায়ক হবে। একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এটা প্রয়োজনীয়।’
নবান্ন সূত্রে জানা গিয়েছে, দেশে ১৮ কোটি গ্রামীণ পরিবার রয়েছে এবং তার মধ্যে মাত্র ৩.৩ কোটি গ্রামীণ পরিবার পাইপের মাধ্যমে জল পাচ্ছে। এ রাজ্যে ১.৩৭ কোটি গ্রামীণ পরিবার রয়েছে যার মধ্যে ৯০ শতাংশ এখনও এই প্রকল্পের আওতায় আসেনি।
এ বছরের মে মাসে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আসার পর জল জীবন মিশন প্রকল্পের সূচনা করা হয়। কিছুমাস আগে এই প্রকল্প নিয়ে বৈঠক বলে দিল্লিতে যেখানে প্রত্যেকটি রাজ্যকে নিজ নিজ গ্রামের রূপরেখা দেওযার নির্দেশ দেওয়া হয়। যাতে কেন্দ্র তার লক্ষ্য পূরণ করতে পারে। কেন্দ্র ও রাজ্য সমানভাবে এই প্রকল্পে ব্যয় করবে।












Click it and Unblock the Notifications