'অপয়া' হেস্টিংস অতীত, মুরলীধর লেনেই ফিরছে বিজেপির সদর দফতর
'অপয়া' হেস্টিংস অতীত, মুরলীধর লেনেই ফিরছে বিজেপির সদর দফতর
যুব মোর্চার রাজ্য সভাপতি রাজু সরকারের মৃত্যুর পরই থমকে গিয়েছিল যাবতীয় সমস্ত কাজকর্ম। এবার হেস্টিংস থেকে মুরলীধর লেনে পাকাপাকিভাবে সরতে চলেছে বিজেপির সদর দফতর।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ টি সিট জয়ের পর বঙ্গবিজয়ের লক্ষ্যে নেমেছিল গেরুয়া শিবির৷ নির্বাচনী কর্মসূচি পরিচালনার জন্য ভাড়া নেওয়া হয়েছিল হেস্টিংস মোড়ের আগরওয়াল ভবনের ন'টি তলা। প্রত্যেক দলীয় পদাধিকারীর জন্য পৃথক ঘর ছিল সেখানে। ছিল অডিটোরিয়াম, কনফারেন্স হল, ঝাঁ চকচকে ডাইনিং হল। সেই তুলনায় পুরোনো মুরলীধর লেনের কমলা বাড়িটিতে কিছুই সুযোগ সুবিধা নেই বললেই চলে। মুরলীধর লেনে জায়গা অনেকটাই কম, তবে কাছাকাছি থাকতে পারেন দলীয় কার্যকর্তা ও নেতা, কর্মীরা।
ভোটে পরাজয়ের পর বিজেপি মনে করেছিল, দিকে দিকে বেশ অনেকটাই বেড়েছে দল। তাই হেস্টিংস থেকে সরে আসেনি তারা। কিন্তু রাজু সরকারের মৃত্যুর পর থেকে এই প্রসঙ্গে ভাবতে শুরু করে গেরুয়া শিবির। সিদ্ধান্ত নেওয়া হয় মুরলীধর লেনেই যাবতীয় সমস্ত সাংগঠনিক কাজকর্ম চলবে। সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকের নির্দিষ্ট রুম ফিরছে মুরলীধর লেনে৷
পুরোনো সদর দফতরে ফেরা নিয়ে অবশ্য ক্ষোভ নেই কোথাও। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, পুরোনো আশ্রয়ে ফিরতে পেরে বেশ আশ্বস্ত নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা খবর শুনেই বলেন, 'ফিরছে নাকি, সত্যি? যাক বাঁচা গেল! হেস্টিংসের ওই বাড়ি অপয়া। ওই বাড়িতে যাওয়ার পর থেকেই তো দলের অবনতি।'












Click it and Unblock the Notifications