মুকুল এখন গলার কাঁটা বিজেপির! শুভেন্দুকে কাজে লাগিয়েই পথ পরিষ্কারের পরিকল্পনা
মুকুল এখন গলার কাঁটা বিজেপির! শুভেন্দুকে কাজে লাগিয়েই পথ পরিষ্কারের পরিকল্পনা
মুকুল রায় এখন গলার কাঁটা হয়ে উঠেছেন বিজেপির। সেই কাঁটা তুলতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই ভরসা করছে বিজেপি। তাঁকেই এগিয়ে দেওয়া হয়েছে সামনে। মুকুলকে সরাতে সমস্ত ব্লু প্রিন্ট তিনি তৈরি করে ফেলেছেন। নীল নকশা অনুযায়ীই মুকুল রায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন শুভেন্দু।

প্রাক্তন সতীর্থ মুকুল রায়ে্র বিরুদ্ধে লড়াইয়ে শুভেন্দু
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা থেকে শুরু করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়েও এবার আদালতে যেতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি তাঁকেই এগিয়ে দিয়েছেন মুকুল রায়ের বিরুদ্ধে লড়াইয়ে। তিনি কেন্দ্রীয় বিজেপির সবুজ সংকেত নিয়ে প্রাক্তন সতীর্থ মুকুল রায়ে্র বিরুদ্ধে লড়াই শুরু করেছেন।

মুকুল রায়কে দলে নিয়েই খেলা শুরু তৃণমূলের
মুকুল রায়ের হাত ধরেই শুভেন্দুর বিজেপিতে আসা। কিন্তু শুভেন্দু বিজেপিতে আসার পরই মুকুল রায় নিষ্ক্রিয় হয়ে যান। শেষে তিনি ফের ফিরে আসেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস মুকুল রায়কে দলে নিয়েই খেলা শুরু করে দেয়। বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন মুকুল রায়, বিধানসভায় তাঁকে বিজেপির বিধায়ক দেখিয়ে পিএসি চেয়ারম্যান পদ দেওয়া হয়।

মুকুলের বিরুদ্ধে সবথেকে সরব হন শুভেন্দু
এরপর মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব চরমে পৌঁছয়। শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে লড়াইয়ে নামেন। তার সঙ্গে যুক্ত হয় পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে তাঁকে হটানোর পরিকল্পনা। বিজেপির নেতৃবৃন্দের থেকে মুকুলের বিরুদ্ধে সবথেকে সরব হন শুভেন্দু অধিকারী। কারণ মুকুলের বিষয়টি সম্পূর্ণ বিধানসভার ব্যাপার। তাই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী লড়াইয়ে নামেন মুকুল রায়ের বিরুদ্ধে।

অধ্যক্ষের উপর ভরসা নেই, ভিন্ন পথে শুভেন্দু
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভায় প্রমাণ পেশের পর শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিনও ধার্য করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু অধ্যক্ষের উপর ভরসা নেই শুভেন্দুর। তাই তিনি অন্যপথ অবলম্বন করতে চলেছেন। তিনি আদালতে আইনি লড়াইয়ে নামতে চলেছেন মুকুল রায়ের বিরুদ্ধে।

রাজ্য রাজনীতিতে মুকুল রায় বনাম শুভেন্দু
শুভেন্দু অধিকারী ইতিমধ্যে মুকুল রায় কাঁটা তুলতে নথিপত্র প্রস্তুত করে ফেলেছেন। কোন পথে তিনি মুকুল রায়ের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাবেন তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করেছেন। সেইমতোই রণনীতি তৈরি করছেন শুভেন্দু। রাজ্য রাজনীতিতে মুকুল রায় বনাম শুভেন্দুর অধিকারীর লড়াইয়েই এখন নজর।












Click it and Unblock the Notifications