পোশাক নিয়ে খোদ সিপিএম সমর্থকের কাছে ট্রোলড, মেজাজ হারিয়ে কি বললেন শ্রীলেখা মিত্র?
পোশাক নিয়ে খোদ সিপিএম সমর্থকের কাছে ট্রোলড, মেজাজ হারিয়ে কি বললেন শ্রীলেখা মিত্র?
কখনও তাঁর পোশাক, আবার কখনও বা তাঁর কার্যকলাপ, সোশ্যাল মিডিযায় একের অধিকবার ট্রোলড হয়েছেন টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত একমাস যাবৎ ইউরোপে রয়েছেন অভিনেত্রী। আর সেখানে গিয়েও পোশাক নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হল নিজের প্রিয় দল সিপিএমের এক সমর্থকের কাছ থেকে। আর তারই জেরে 'বামেরা সবসসময় সঠিক’, নিজের এই মন্তব্য ফিরিয়ে নিলেন অভিনেত্রী।

মূলতঃ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য শ্রীলেখা ইউরোপে গিয়েছিলেন। প্রথমে সুইৎজারল্যান্ড, তারপর ভেনিসে যান শ্রীলেখা। ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে 'ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’। চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁকে দেখা যায় বাঙালি সাজে। সবুজ শাড়িতে সাজেন শ্রীলেখা মিত্র। ছবি পোস্ট করেন ফেসবুকে।
অভিনেত্রীর সেই পোস্ট করা ছবি শেয়ার করে এক সিপিএম সমর্থক লেখেন, 'এই ছবিটি আজকের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের। আমাদের বাংলার ছায়াছবি সেখানে সুযোগ পেয়েছে তার জন্য আমি অবশ্যই গর্বিত। তবে এই ছবিতে সকলকে একটা বিষয় লক্ষ্য করতে বলব। বেশিরভাগ বিদেশি শরীরের অধিকাংশ ঢাকা ভদ্র পোশাক পরেছেন। আর একজন শাড়ি পরলেও ব্লাউজের বেশিরভাগই উন্মুক্ত। শাড়ি পরলেই যে ভদ্র পোশাক পরা হয় তা কখনওই নয়। বরঞ্চ এই ছবিতে যা দেখা যাচ্ছে বিদেশিরা অনেক ভদ্র পোশাক পরেছেন। শেষে বলব, এই ছবিটি আমার প্রোফাইলে পোস্ট করার জন্য দুঃখিত ও লজ্জিত। এই মহিলার আরও অনেক ছবি ফেসবুকে দেখা যায়, সেই ছবি তো পোস্ট করতেই পারব না।’ তবে চুপ করে থাকেননি অভিনেত্রী। স্বাভাবিকভাবেই মেজাজ হারিয়েছেন তিনি। শ্রীলেখা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'সিপিএম, মুগ্ধতা বাড়ছে আমার দলের প্রতি। এরা নাকি লিবারাল? মানুষের কাজের থেকে এবার তাঁর পোশাক নিয়ে…তথাকথিত শিক্ষিত মহিলার থেকে! কেয়া বাত। বামেরা সবসময় সঠিক, আমার এই মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। আমার বিশ্বাস ভেঙে গেল
প্রসঙ্গত, একজন খাঁটি সিপিএম সমর্থক বলেই পরিচিত শ্রীলেখা মিত্র। বামেদের অনেক অনুষ্ঠানেই শ্রীলেখাকে অংশ নিতে দেখা গিয়েছে। তাই সিপিএমের এক সমর্থকের কাছ থেকে এ ধরনের মন্তব্য মোটেও আশা করেননি শ্রীলেখা। কিছুদিন আগেই ভেনিসে এক সুদর্শন ওয়েটারের পাল্লায় পড়ে দামী মাছের রেসিপি খেয়ে আফসোস করতে হয়েছিল অভিনেত্রীকে। সেই পোস্টও তিনি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও ইউরোপ সফরের সুন্দর সুন্দর ছবি তিনি পোস্ট করেছেন।












Click it and Unblock the Notifications