জিতেন্দ্র তিওয়ারি কি ফের মত বদল করতে চলেছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু জল্পনা
তৃণমূলে (trinamool congress) ফিরে আসার কথা জানালেও, দলে এখনও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে (jitendra tiwari) । তবে অনুগামীরা বলছেন, তাঁকে দলের পুরনো দায়িত্ব ও ক্ষমতা এখনও ফিরি
তৃণমূলে (trinamool congress) ফিরে আসার কথা জানালেও, দলে এখনও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে (jitendra tiwari) । তবে অনুগামীরা বলছেন, তাঁকে দলের পুরনো দায়িত্ব ও ক্ষমতা এখনও ফিরিয়ে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক পোস্ট
এদিন বেলার দিকে একটি ফেসবুক পোস্ট করেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সেখানে তিনি লেখেন, রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না। এখানে একের পর এক কমা, কোলন, সেমিকোলন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারির পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি ফের বিজেপির দিকেই ঝুঁকবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছেন।

১৭ ডিসেম্বর দল ছেড়েও ১৮ ডিসেম্বর জানান, তৃণমূলেই থাকছেন
১৬ ডিসেম্বর কাঁকসায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর ১৭ ডিসেম্বর প্রথমে পুরপ্রশাসক পদে ইস্তফা দেন। পরে পাণ্ডবেশ্বরে বিধায়ক কার্যালয়ে হামলার খবর আসতেই তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। যদিও পরের দিনই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দেন, তৃণমূলেই থাকছেন, অন্য কোথাও যাচ্ছেন না। কিন্তু তারপর থেকে চারদিন কেটে গেলেও তাঁকে দলে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি।

বিজেপির অবস্থানের পরিবর্তন
১৭ ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করতেই, খবর ছড়ায় তিনি ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন। কিন্তু তারই মধ্যে একে একে বিজেপির মন্ত্রী থেকে রাজ্য নেতৃত্বের একাধিক নেতানেত্রী জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের বিরোধিতা করতে শুরু করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান মেনে নেবে না আসানসোলের বিজেপি কর্মীরা। তিনি ছাড়াও রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পালও জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের বিরোধিতা করেন। পরবর্তী পরিস্থিতিতে অমিত শাহ বলেন, কেন্দ্রীয় মন্ত্রী যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মত। এরপরেই সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পালকে বিষয়টি জন্য শোকজ করা হয়।

মমতার পরে শুভেন্দুই বড় নেতা, বলেছিলেন জিতেন্দ্র
দলের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার আগে জিতেন্দ্র তিওয়ারি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মমতার পরে শুভেন্দু অধিকারীই সব থেকে বড় নেতা। তিনি দলত্যাগ করলে দলেরই ক্ষতি হবে বলেও মন্তব্য করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। যা নিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন তাঁকে ভুল বোঝাচ্ছে বিজেপি।












Click it and Unblock the Notifications