Firhad Hakim: অধীরের হাত ধরে কংগ্রেসে জামাই, 'পরজীবী' বললেন ফিরহাদ
Firhad Hakim: কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। আজ শনিবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। ইয়াসিরের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
তবে হঠাত করে জামাইয়ের দলবদলে অস্বস্তিতে ফিরহাদ। তাঁর কথায়, আত্মীয়দের নিয়ে রাজনীতি করা ঠিক নয়। পরজীবী বলেও ব্যাখ্যা কলকাতা মেয়রের। তৃণমূলে থাকাকালীন একাধিকবার মুখ খুলেছেন ইয়াসির হায়দার। এমনকী পদও খোয়াতে হয় তাঁকে। যদিও দীর্ঘদিন তেমন ভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ইয়াসিরকে।

আজ শনিবার বিধান ভবনে গিয়ে কংগ্রেসে যোগ দান করেন। প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসের পতাকাও তুলে নেন। আর এরপরেই নাম না করে তৃণমূলের বিরুদ্ধে সরব হন হায়দার। তাঁর কথায়, আগে দলে থেকেও কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। অনেকদিন ধরেই কংগ্রেসে আসা ইচ্ছা ছিল। দলের সদস্য হয়ে কাজ করতে চাই।
এমনকি অধীর চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও এদিন জানান হায়দার। তাঁর কথায়, রাজনীতিবিদ হিসাবে নয়, সমাজ সেবক হিসাবে পরিচিত ছিলাম। মানুষের সঙ্গে সংযোগ রয়েছে। তবে দুর্নীতি-তোলাবাজ নিয়ে কোনও অভিযোগ আমার বিরুদ্ধে নেই বলেই এদিন দাবি করেন ফিরহাদের আত্মীয়।
বলে রাখা প্রয়োজন, ২০২১ এর বিধানসভা নির্বাচনে ইয়াসির হায়দারের প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি। আর এরপরেই কার্যত গর্জে ওঠেন। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন শ্বশুর ফিরহাদ হাকিম। এদিন ফের একবার সেই আক্ষেপের কথা তুলে ধরেন।
বলেন, দলের হয়ে ১২০ শতাংশ দিয়েছিলাম। ২০২১-এ কেন নাম উঠল না তালিকায়, জানতে পারিনি। তবে কাজ করে যাওয়ার কথাই জানান ইয়াসির। বলে রাখা প্রয়োজন, তৃণমূলে থাকাকালীন ইয়াসির হায়দারের বিরুদ্ধেও টাকা পাচারের অভিযোগ উঠেছিল। একাধিকবার বিদেশ যাত্রা করেছেন হায়দার। আর সেই সময় টাকা পাচার তার মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি এই বিষয়ে ইডি নোটিশও ধরায়। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন এদিন হায়দার।












Click it and Unblock the Notifications