কালীপুজোর আগে উত্তরে বাড়বে বৃষ্টি! দক্ষিণে ঠিক কোন পরিস্থিতি, জেনে নিন বিস্তারিত
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারেও বৃষ্টি জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে কালীপুজোর দিন অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ উপকূল এবং দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে নিম্নচাপটি। যা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও টেনে নিচ্ছে। ফলে শুক্রবার সারাদিনই বৃষ্টি চলবে। শনিবার সকালের দিকে বৃষ্টি হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস, ২৫ অক্টোবর
শুক্রবার বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। ২৫ অক্টোবরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে।

আবহাওয়ার পূর্বাভাস, ২৬ অক্টোবর
শনিবার বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ হতে পারে মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়ায়। এছাড়াও হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।












Click it and Unblock the Notifications