মুকুলের জোরদার 'আক্রমণে'র মুখে তৃণমূল, একুশের আগে কাউন্টার অ্যাটাকে জোর পিকে'র
মুকুলের জোরদার আক্রমণের মুখে ডিফেন্সে জোর, কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় পিকে
প্রশান্ত কিশোর শাসক তৃণমূলের ভোট কৌশলীর দায়িত্ব নিয়ে বাংলার রাজনীতিতে প্রবেশের পরই মুকুল রায়ের সঙ্গে অদৃশ্য লড়াইয়ে নাম লিখিয়ে ফেলেছেন। যে প্রশান্ত কিশোর ২০১৯-এ মুকুল রায়ের 'খেলা' রুখে দিতে সমর্থ হয়েছিলেন, ২০২১-এ তিনি এখনও পর্যন্ত নিস্পৃহ। তবে কি তাঁর অন্য কোনও ভাবনা রয়েছে একুশের ভোটে!

প্রশান্ত কিশোর প্রাথমিক লড়াইয়ে পিছিয়ে পড়লেও...
রাজ্য রাজনীতিতে চাণক্য হিসেবে নিজেকে তুলে ধরা মুকুল রায় একুশের আগে তৃণমূলের উপর বোল্ডার চালিয়ে দিয়েছেন। তৃণমূল থেকে ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী, রজীব বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটকে। তাঁদের সঙ্গে সাঙ্গপাঙ্গও নেহাত কম নেই। এই অবস্থায় প্রশান্ত কিশোর প্রাথমিক লড়াইয়ে পিছিয়ে পড়েছেন।

কাউন্টার অ্যাটাক নির্ভর খেলতে চাইছেন পিকে
কিন্তু ভোট কৌশলী হিসেবে সাফল্যের সরণি দিয়ে বয়ে আসা প্রশান্ত কিশোর কি এত সহজে দমে যাওয়ার পাত্র! নিশ্চয়ই তা নন। তিনি মুকুল রায়-শুভেন্দু অধিকারীদের আক্রমণের মুখে নিজের ডিফেন্স সামলাতেই ব্যস্ত। তা সত্ত্বেও গোল খেয়ে চলেছে তৃণমূল। তবে পাল্টা আক্রমণেও যাচ্ছে রাজ্যের শাসক শিবির। কাউন্টার অ্যাটাক নির্ভর খেলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন পিকে।

আঞ্চলিক ভোটকে নিশ্চিত করতে পদক্ষেপ পিকের
সেইমতো তৃণমূলের ঘর ভেঙে বিজেপিতে শুভেন্দু-রাজীবদের যোগ দেওয়ার পরও এলাকা ধরে আঞ্চলিক নেতাদের দলে নেওয়াতই বেশি জোর দিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁদেরকে এনে আঞ্চলিক ভোটকে নিশ্চিত করতে চাইছেন। তারপর বুথ ধরে ধরে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী।

পিকে প্রতিটি কাজই করছেন ডিফেন্সকে শক্ত করে
আর এই কৌশলের ফাঁকে যখন সুযোগ পাচ্ছেন বিজেপির ঘরও ভেঙে চলেছেন তিনি। তবে প্রশান্ত কিশোর প্রতিটি কাজই করছেন ডিফেন্সকে শক্ত করে। ডিফেন্স সামলানোর কোনও ত্রুটিই তিনি রাখছেন না। যেমন শুভেন্দু-রাজীবকে ধরে রাখার যাবতীয় চেষ্টা তিনি করেছেন, তেমনই জিতেন্দ্র তিওয়ারি, দুলাল সরকারদের মতো অনেক নেতাকে ধরে রাখতেও সফল হয়েছেন।

মুকুলের জোর আক্রমণে, ডিফেন্সিভ প্রশান্ত কিশোর
আর সুযোগের সদ্ব্যবহার করে পর পর দু-বার বিজেপি নেতাদের ঘরের হানা দিয়েছে তৃণমূল। মুকুল রায় আর তাঁর অনুগামী নেতা সৌমিত্র খানের ঘরে সিঁদ কেটে দলকে শক্তিশালী করেছেন পিকে-অভিষেকরা। মুকুল রায়রা যখন বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছেন, তখন তাঁদের ঘরেই ফাটল ধরেছে। ফলে ভাঙন ধরেছে উভয়ের ঘরেই।

মুকুল রায়ের ঘরে ভাঙন, সুযোগের সদ্ব্যবহার পিকের
সম্প্রতি মুকুল রায়ের ঘরে ভাঙন ধরিয়ে দিয়েছে তৃণমূল। এক বছর আগে তৃণমূল থেকে ঘটা করে যাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে, মুকুল রায়ের শ্যালক সেই সৃজন রায়ের ঘরওয়াপসি হল দুদিন আগে। তিনি ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ভবনে এসে ব্রাত্য বসুর হাত থেকে পতাকা তুলে নিলেন সুজনবাবু। তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে।

সৌমিত্র-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়েরও যোগদান তৃণমূলে
শুধু মুকুল রায়ই নন, ঘরও ভেঙেছে মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র খাঁয়েরও। তিনিও একটা সময়ে তৃণমূলে ছিলেন। খোদ সৌমিত্র-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁও যোগ দিয়েছেন তৃণমূলে। সৌমিত্র ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তাঁর সাংসদ হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌমিত্র-জায়া সুজাতার।

তৃণমূলও হাত গুটিয়ে বসে নেই, অপেক্ষা সুযোগের
তৃণমূলের ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোর অপেক্ষা করছেন কাউন্টার অ্যাটাকের। সুযোগ পেলেই তিনি গোলের জন্য ঝাঁপাচ্ছেন। কারা দল ছাড়তে পারে, তা যেমন তিনি বুঝে নিতে চাইছেন, তেমনই কারা আসতে পারেন, সেই হিসেবও তাঁর নখদর্পণে। শুভেন্দুর বিজেপিতে যাওয়ার পরও তিনি বলেছিলেন আরও কয়েকজন দলত্যাগ করবে। কিন্তু তা বলে তৃণমূলও হাত গুটিয়ে বসে থাকবে না। তৃণমূল অপেক্ষায় থাকবে সুযোগের।












Click it and Unblock the Notifications