মোদীর সভার আগেই সিঙ্গুরে আতঙ্ক! হেলিপ্যাড গ্রাউন্ডের পাশের জমিতে আগুন, ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগে হঠাৎ করে অঘটন। সভাস্থলের একেবারে কাছেই অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা, সেই হেলিপ্যাড সংলগ্ন ফাঁকা জমিতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয়। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে, ততক্ষণে সভা ঘিরে নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে নানারকমের প্রশ্ন। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবেই আগুন লাগানো হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি যে, প্রধানমন্ত্রীর সভার আগে পরিবেশ অশান্ত করার জন্য এবং নিরাপত্তা বিঘ্নিত করার জন্যেই তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্র করেছে।
অন্যদিকে আবার, এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে শাসক শিবির। তাদের বক্তব্য যে, ঘটনার তদন্ত না করেই দোষ চাপানো হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখার দাবিও তুলেছে তৃণমূল।
এদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, আগুন লাগার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সভাস্থল এবং হেলিপ্যাড ঘিরে নিরাপত্তা আরও জোরদার ভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলেই জানিয়েছে প্রশাসন।
মোদীর সভার আগেই সিঙ্গুরে এইরকমের অগ্নিকাণ্ড নতুন করে উত্তাপ বাড়াল রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications