একুশে বাংলা জয়ের পথ দেখাচ্ছেন খোদ নরেন্দ্র মোদী! বিজেপি সাংসদরা এবার ‘হেডস্যারে’র ক্লাসে
একুশে বাংলা জয়ের পথ দেখাচ্ছেন মোদী! বিজেপি সাংসদরা এবার ‘হেডস্যারে’র ক্লাসে
২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকে দেশের সর্বত্র শুধু হার আর হার। বাংলায় তাই জিততে চাইছে বিজেপি। যে কোনও মূল্যে সেই লড়াই জিততে আসরে নেমেছেন বিজেপির তাবড় নেতারা। অমিত শাহ যখন একের পর এক বঙ্গ সফরের পরিকল্পনা নিয়েছেন, মোদী তখন দিল্লিতে একের পর এক ক্লাস নিচ্ছেন বঙ্গের বিজেপি সাংসদদের।

সমস্ত সাংসদ মোদীর ক্লাসে
দিলীপ ঘোষ থেকে শুরু করে সমস্ত সাংসদ মোদীর ক্লাসে আসছেন। একান্তে বৈঠক করছেন মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী তথা বিজেপির এক ও অদ্বিতীয় মুখ নরেন্দ্র মোদী তাঁদের কাছ থেকে জানছেন বর্তমান পরিস্থিতি। আর তারপর তিনি বুঝিয়ে দিচ্ছেন কোন পথে এগোতে হবে। কোন পথে আসবে জয়।

মোদী নিলেন ক্লাস, লক্ষ্য স্থির
বুধবার তিনি কথা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। তারপর ওইদিনেই মোদী ক্লাস নেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় ও পুরুলিয়ায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে। বৃহস্পতিবার বাংলার তিন সাংসদ হুগলির লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ও কোচবিহারের নিশীথ প্রামাণিকের সঙ্গে আলোচনায় বসেন।

বাংলাকে টার্গেট করেছেন মোদী
সামনেই পুরভোট। এই পুরভোট এবার মিনি বিধানসভার মর্যাদা পাচ্ছে। আবার ২০২১-এর মহাসংগ্রামের সেমিফাইনাল বললেও অত্যুক্তি হয় না। তাই পুরসভা ভোটকে কেন্দ্রে করে দিল্লিতে বসে নরেন্দ্র মোদীও তথ্য-তালাশ শুরু করে দিয়েছেন। তবে তাঁর প্রকৃত লক্ষ্য ২০২১। মোট কথা আসন্ন পুরভোটে এবং ২০২১ বিধানসভায় বিজেপির প্রস্তুতি কী রকম, সাংসদরা কেমন কাজ করছেন, তা জানতে চাইছেন মোদী।

বাংলা দখলের ছক কষছেন মোদী
মোদী এবার আসরে নেমে পড়েছেন। লক্ষ্য বাংলা দখল। প্রধানমন্ত্রী তাই জানতে চাইছেন বাংলার কথা। বাংলার বিস্তারিত রিপোর্ট নিয়ে তিনি এলাকাভিত্তিক রণনীতি নিরূপণ করবেন। তিনি বাংলার সমস্ত এলাকা সম্বন্ধেই খোঁজ খবর নেবেন। মোদী এখন বেশ সক্রিয় বাংলায় পুর নির্বাচনের আগে।












Click it and Unblock the Notifications