সেজে উঠেছে নবান্ন, নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে ভবন চত্বরে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানাবে পুলিশ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ পাঠ করাবেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ পাঠ করাবেন। করোনা পরিস্থিতি মেনে খুব ছোট করেই হচ্ছে শপথগ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যে রাজভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সেখানে পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সহ একাধিক আমন্ত্রিত। তবে বিজেপির তরফে কেউ থাকছেন না বলেই খবর।

সেজে উঠছে নবান্ন
তৃতীয়বারের জন্যে ফের মুখ্যমন্ত্রী মমতা। শপথ নিয়েই চলে আসবেন নবান্নে। মঙ্গলবার তাই গোটা দিনই সাজো সাজো রব ছিল নবান্নে। বুধবার সকাল থেকেও চলছে চরম ব্যস্ততা। প্রশাসনিক নজরদারি ও যাবতীয় তৎপরতার সঙ্গে চলছে প্রস্তুতি পর্ব। মঙ্গলবার অনেক রাত পর্যন্ত নীল-সাদা রঙের নতুন প্রলেপ পড়ছে নবান্নের দেওয়ালে দেওয়ালে। যেন শেষ মুহূর্তের সাজগোজ সারছে প্রশাসনিক ভবনটি। ২০১৩-এ এই নবান্নকেই কাজের জায়গা হিসেবে বেছে নেন মমতা। প্রশাসনিক ভবনে তৃতীয়বারের জন্য পা রাখবেন তিনি। এই নিয়ে পর পর তিনবার বিধানসভা নির্বাচন জিতে হ্যাট্রিক করা রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে পৌঁছবেন মমতা। সেখানে চলছে সাজো সাজো রব। সবুজ কার্পেটে মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর। ফুল দিয়ে সাজানো হয়েছে গেট।

নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে ভবন চত্বরে গার্ড অব অনার দেওয়া হবে
গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই নবান্নে ঢুকবেন মমতা বন্দোপাধ্যায়। পুলিশের পক্ষ থেকে নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে ভবন চত্বরে গার্ড অব অনার দেওয়া হবে প্রথমেই। 'গার্ড অব অনার' গ্রহণের পরে সম্ভবত আধিকারিক ও সহকর্মীদের সামনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানেই বক্তব্য রাখতে পারেন তিনি।

কোভিড নিয়ে করবেন জরুরি বৈঠক
দেশের পাশাপাশি বাংলাতেও করোনা পরিস্থিতির হার ভয়াবহ। প্রত্যেকদিন ১৭ হাজারেরও বেশি মানুষ করোনা হচ্ছেন। এই অবস্থায় নবান্নে ফিরেই কোভিড নিয়ে জরুরি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও একাধিকবার জানিয়েছেন, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। আর তাই কোভিড পরিস্থিতি সামলানোটাই তাঁর মূল লক্ষ্য। আর সে কারনে তৃতীয়বারের জন্য নবান্নে ফিরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও থাকতে পারেন।

একগুচ্ছ সিদ্ধান্ত নিতে পারেন
ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রগুলিকে লকডাউনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। সেই মতো একের পর এক রাজ্য লকডাউনের পথে হাঁটছে। সেক্ষেত্রে বাংলাও কি সে পথে হাঁটবে? তা নিয়েও আলোচনা হতে পারে। তবে সম্পূর্ণ লকডাউনের পক্ষে নয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কনটেনমেন্ট জোন হিসাবে রাজ্যকে ভাগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে আংশিক লকডাউন জারি রয়েছে রাজ্যে। একগুচ্ছ নিষেধাজ্ঞাও জারি রয়েছে বাংলায়। কি কি করা যাবে না আর কি করা যাবে না সে বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই অবস্থায় বুধবার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা রুখতে কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।












Click it and Unblock the Notifications