বিজেপিতে গুরুত্বের আসনে বসে লক্ষ্য স্থির মুকুলের, কী জানালেন প্রথম প্রতিক্রিয়ায়
মুকুল হলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তৃণমূল ছাড়ার তিন বছর পর বিজেপিতে গুরুত্বের আসনে বসলেন তিনি। বীজপুরে বাড়িতে বসেই তিনি এই সুখবর পান।
মুকুল হলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তৃণমূল ছাড়ার তিন বছর পর বিজেপিতে গুরুত্বের আসনে বসলেন তিনি। বীজপুরে বাড়িতে বসেই তিনি এই সুখবর পান। আর সঙ্গে সঙ্গে ভেসে যান উচ্ছ্বাসের বন্যায়। মুকুল রায় এরপর তাঁর প্রথম প্রতিক্রিয়ায় জানান, এখন একমাত্র লক্ষ্য রইল বাংলা-জয়।

কাজের পরিসরও পাবেন এবং সম্মানও পাবেন
সর্বভারতীয়স্তরে বিজেপিতে ব্যাপক রদবদলে মুকুল রায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন। তিনি এখন এমন একজন পদাধিকারী যে, আর বাংলায় রাজনীতি করতে তাঁকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে জবাবদিহি করতে হবে না। এবার তিনি কাজের পরিসরও পাবেন এবং সম্মানও পাবেন।

দায়িত্ব বাড়তেই ভবিষ্যৎ পরিকল্পনা স্থির মুকুলের
সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়ার পর মুকুল রায় প্রথম সাক্ষাতে বললেন, দল তাঁকে গুরুত্বের আসনে বসানোয়, তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল। বাড়িতে বসেই মুকুল রায় বলে দিলেন, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং তিনি কীভাবে কাজ করতে চান।

লক্ষ্য হবে বিজেপির জন্য জয় ছিনিয়ে আনা
মুকুল রায় বলেন, দলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়ে চ্যালেঞ্জ আরও বেড়ে গেল। দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সে বিহার ভোট হোক বা বাংলার ভোট, লক্ষ্য হবে বিজেপির জন্য জয় ছিনিয়ে আনা।

এমনই এক পদের জন্য অধীর আগ্রহে ছিলেন মুকুল
মুকুলের কথায স্পষ্ট, এবার তিনি বাংলাকে টার্গেট করছেন। বাংলায় পরিবর্তন আনাই তাঁর লক্ষ্য। সে জন্য দলের নির্দেশ মেনে কাজ করবেন। এদিন স্বভাবতই মুকুল রায়কে বেশ খুশি মেজাজে দেখা যায়। তিনি এতদিন এমনই এক পদের জন্য অধীর আগ্রহে ছিলেন। অবশেষে তাঁর সেই ইচ্ছাপূরণ হল।












Click it and Unblock the Notifications