'আমাদের পাড়া, আমাদের সমাধান' সারা দেশের মধ্যে অভিনব, হয়তো শিখবে কেন্দ্রের বিজেপি সরকার, বললেন ফিরহাদ
আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প কেমন চলছে তা হুগলির উত্তরপাড়ায় খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল জয়কৃষ্ণ লাইব্রেরিতে তিনি হাজির হয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও।

ফিরহাদের কথায়, এই কর্মসূচিতে প্রতিটি বুথে মানুষের সমস্যা শুনে তার সমাধান করা হচ্ছে। এটি সারা দেশের মধ্যে এক অভিনব উদ্যোগ। এটা দেখে হয়তো আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকারও শিখবে। যেমন তারা রাজ্যের আগের প্রকল্প দেখেও শিখেছে। এই প্রকল্প মানুষের খুব উপকারে লাগছে। শিবিরে এসে তৃণমূল স্তরের সমস্যাগুলি তুলে ধরছেন স্থানীয় মানুষজন। সমস্যার দ্রুত সমাধানও হচ্ছে।
ফিরহাদ আরও বলেন, মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। আগামী দিনেও থাকবেন। পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনার দরকার পড়ে না আমাদের। সারা বছরই আমরা মানুষের পাশে থাকি। তাই চমকেরও প্রয়োজন হয় না। মন্ত্রীর সঙ্গেই হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ও অন্যান্য কাউন্সিলররা।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথে বুথে চলছে এই কর্মসূচি। প্রতি বুথে মানুষের সমস্যা সমাধানে ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়- সকলেই নির্দেশ দিয়েছেন এই কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে থাকতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের।












Click it and Unblock the Notifications