মিশন ২০২০-র পরিকল্পনা সেরে ফেললেন ফিরহাদ হাকিম, পুর-যুদ্ধ জয়ে দিলেন মোক্ষম টিপস
২০২০-র পুরসভা নির্বাচনের জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আগামী কয়েক মাসের কর্মসূচি স্থির করে দিলেন কাউন্সিলরদের।
২০২০-র পুরসভা নির্বাচনের জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আগামী কয়েক মাসের কর্মসূচি স্থির করে দিলেন কাউন্সিলরদের। ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি তিনি 'দিদিকে বলো' অভিযানে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'দিদিকে বলো'তে আরও ধারাবাহিকতা আনতে হবে।

মিনি মহাকরণ দখলে রাখতে
সামনের বছর পুরসভা ভোট। কলকাতা পুরসভা-সহ ১০৮টি পুরসভায় ভোট হবে। এবার কলকাতা পুরসভা দখল নেওয়ার টার্গেট নিয়েছে বিজেপি। কিন্তু মিনি মহাকরণ দখলে রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই মেয়র ফিরহাদ হাকিম কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। আরও ধারাবাহিক হওয়ার নিদান দেন।

কাউন্সিলর ছাড়াও পরাজিত প্রার্থী ও ব্লক সভাপতিরাও বৈঠকে
কাউন্সিলর ছাড়াও পরাজিত প্রার্থী ও ব্লক সভাপতিরাও ছিলেন এই বৈঠকে। প্রত্যেককেই তিনি ‘দিদিকে বলো'র উপর জোর দিতে বলেন। যে সব ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিলেন, সেইসব ওয়ার্ডেও পরাজিত প্রার্থীদের বিশেষ গুরুত্ব দিতে বলেছেন জনসংযোগ কর্মসূচিতে।

‘দিদিকে বলো’ কর্মসূচিতে জোর
প্রত্যেক কাউন্সিলর ও পরাজিত প্রার্থীদের তিনি নির্দেশ দিয়েছেন তিনদিনের মধ্যে একবার আর ৩০ নভেম্বরের মধ্যে আরও একবার ‘দিদিকে বলো' কর্মসূচি পালন করতে। আর তিনি জানিয়েছেন প্রত্যেক ওয়ার্ডে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে নিজের নিজের ওয়ার্ডে উন্নয়নের কাজ শেষ করতে হবে।

কলকাতা পুরসভায় পূর্ণ শক্তি প্রয়োগ
মেয়র চাইছেন লোকসভা প্রভাব মুক্ত হয়ে কলকাতা পুরসভায় পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে। প্রত্যেককে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা সমাধানের জন্য প্রশাসন তথা সরকারের সাহায্য নেওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। সেই লক্ষ্যে পৃথক ফোন নম্বরও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications