সারেঙ্গায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য, উত্তেজনা এলাকায়
সোমবার বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকায় মাওবাদীদের নামে দেওয়া পোস্টার উদ্ধার ঘিরে এলাকায় নতুন করে একটি চাপা আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়
সোমবার বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকায় মাওবাদীদের নামে দেওয়া পোস্টার উদ্ধার ঘিরে এলাকায় নতুন করে একটি চাপা আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। সাদা কাগজে লাল রঙের কালিতে লেখা এই সব পোস্টারে দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিক ও তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকি দিয়ে বলা হয়েছে যে গণ আদালত বসিয়ে তাদের বিচার করা হবে। নিচে লেখা আছে সিপিআই মাওবাদী।

সারেঙ্গা থানার ছোট সারেঙ্গা গ্রামে চারটি ও ব্লকের ভূমি সংস্কার অফিসের দেওয়ালে আরও কয়েকটি পোস্টার উদ্ধার করা হয়েছে।
এই দিন যে এলাকায় এই সব পোস্টার উদ্ধার করা হয়েছে সেই এলাকা এক সময়ে মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এই এলাকা ঝাড়গ্রাম জেলার লালগড় ও পশ্চিম মেদিনীপুরের জেলার গোয়ালতোড় এলাকার সীমান্তে। লালগড় ও গোয়ালতোড় ছিল মাওবাদীদের শক্তিশালী ঘাঁটি। মাওবাদীরা যখন এই এলাকায় সক্রিয় ছিল তখন তাদের কাজ এই এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হত।
এখন এই এলাকা শান্ত। প্রায় আট বছর পর এই এলাকায় এই ধরনের পোস্টার উদ্ধার করা হয়েছে । তা নিয়ে চিন্তাও বেড়েছে পুলিশ প্রশাসনের । এই পোস্টার পাওয়ার পর অনেকেই সন্দেহ করছেন যে এই এলাকায় মাওবাদীরা আবার সক্রিয় হতে উদ্যোগ নিয়েছে।
বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, মাওবাদীদের নামে দেওয়া কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে সারেঙ্গা এলাকায়। সেগুলো মাওবাদীরাই দিয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কে বা কারা এগুলো দিয়েছে ও কেন দিয়েছে তার তদন্ত করে দেখা হচ্ছে।"
তবে গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে যে এই এলাকায় মাওবাদীরা আবার সক্রিয় হতে চাইছে। এই জন্য তারা সাংগঠনিক কিছু পরিবর্তন এনেছে বলে তারা জানতে পেরেছে। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার যে সব এলাকা ঝাড়খণ্ডের সীমান্তে সেখানে তাদের কয়েক জন ঘুরে বেড়াচ্ছে ও মানুষের সাথে কথা বলে তাদের মন বুঝতে চাইছে বলেও জানতে পেরেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
এই দিন যে পোস্টার উদ্ধার করা হয়েছে তাতে এলাকার লোকজনকে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। এন আর সি নিয়ে বিজেপি কেও সতর্ক করা হয়েছে এই পোস্টারে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications