দিলীপ ঘোষের 'দুধে সোনা' মন্তব্যের জের, ঋণ পেতে গোল্ড লোন সংস্থায় গরু নিয়ে হাজির ব্যক্তি
বিজেপি-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের গরুর দুধে সোনা থাকার তত্ত্বের প্রভাব, উত্তর ২৪ পরগনার ডানকুনিতে গোল্ড লোন প্রদানকারী সংস্থার শাখায় গিয়ে গরুর বিনিময়ে ঋণ চাইলেন এক ব্যক্তি।
বিজেপি-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের গরুর দুধে সোনা থাকার তত্ত্বের প্রভাব, উত্তর ২৪ পরগনার ডানকুনিতে গোল্ড লোন প্রদানকারী সংস্থার শাখায় গিয়ে গরুর বিনিময়ে ঋণ চাইলেন এক ব্যক্তি। কয়েকদিন আগেই বর্ধমান শহরে ঘোষ অ্যান্ড গাভীকল্যাণ সমিতির সভায় দিলীপ বলেছেন, গরুর দুধে সোনা থাকে, তাই দুধের রং হলুদ হয়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

গরুর বিনিময়ে গোল্ড লোন
অবশ্য দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরেই তাঁকে নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। তবে সেই হাস্য রসিকতায় নতুন সংযোজন ঘটাল এই ঘটনা। গরুর বিনিময়ে ঋণ চাইতে যাওয়া ব্যক্তির কাছে সাংবাদিক জানতে চাইলে সেই ব্যক্তি বলেন, "আমি শুনলাম গরুর দুধে না কি সোনা থাকে। তাই আমি আমার দুটো গরু নিয়ে এখানে ঋণের জন্য এসেছি। আমার কাছে ২০টি গরু আছে। আমার পরিবার এই গরুগুলির উপরেই নির্ভর করে থাকে। ঋণ পেলে আমি আমার ব্যবসা বাড়াতে পারব।"

দিলীপ ঘোষের নিন্দায় গ্রাম পঞ্চায়েত প্রধান
এদিকে যে গ্রাম থেকে ওই ব্যক্তি ডানকুনি এসেছিলেন, সেই গাড়লগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান গরুর দুধ নিয়ে করা দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন। দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "দিলীপ ঘোষ নোবেল পুরস্কার দেওয়া উচিৎ। প্রতিদিন পঞ্চায়েত অফিসে এসে গ্রামবাসীরা গরু নিয়ে এসে জিজ্ঞেস করে যে এর বিনিময়ে ওরা কত টাকা ঋণ পেতে পারেন তারা।"

নিজের বক্তব্য থেকে সরতে নারাজ দিলীপ ঘোষ
এদিকে গুরুর দুধে সোনা আছে বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সোশাল মিডিয়া সহ নানা জায়গাতে সমালোচনা ও রসিকতা শুরু হলেও নিজের বক্তব্য থেকে সরতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে তিনি বলেন, যা বলেছি ভেবেই বলেছি। তিনি বলেন, "যারা গরু খায় তারা গরুর দুধের মর্ম বোঝে না। আমরা গোরক্ষক, গোভক্ত। গোভক্ত ও গো ভক্ষকদের মধ্যে লড়াই চলছে। আমরা দেখতে চাই কে গোভক্ত এবং কে ভক্ষকদের পক্ষে।"
ছবি সৌজন্য ডিএনএন বাংলা ইউটিউব চ্যানেল












Click it and Unblock the Notifications