পুলিশ ভালো কাজ করছে, তাহলে আধা সেনা কেন? রাজ্যপালকে প্রশ্ন ছুঁড়লেন মমতা
পুলিশ ভালো কাজ করছে, তাহলে আধা সেনা কেন? রাজ্যপালকে প্রশ্ন ছুঁড়লেন মমতা
করোনা ভাইরাসের প্রকোপে যখন সবাইকে ঐক্যমত্য হলে লড়াইয়ের প্রয়োজন, তখন একটা পক্ষ রাজনীতি করেই চলেছে। শুক্রবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের মাঝেই তিনি রাজ্যপালের কঠোর সমালোচনা করলেন। নাম না করেই তিনি বলেন, রাজনীতি করার জন্য কেউ কেউ আধা সেনা চাইছেন।

পুলিশ ভালো কাজ করছে, আধা সেনা কেন?
মমতা বলেন, করোনা মোকাবিলায় রাজ্যের পুলিশ ভালো কাজ করছে। তাহলে আধা সেনা কেন? আসলে আধা সেনার কথা বলে রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি এমন একটা কঠিন সময়ে বন্ধ করা উচিত। এখন রাজনীতি করার সময় নয় বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মত প্রকাশ করেন।

রাজ্যের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রাজ্যপালের
উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনখড় কয়েকদিন আগে রাজ্যে আধা সেনা নামানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে এদিন প্রশাসনিক বৈঠকের মাঝেই রাজ্যপালের নাম না করে কঠার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন আবার রাজ্যপাল পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন, বিজেপির তিন সাংসদ অর্জুন সিং, জন বার্লা ও রাজু বিস্তকে অবৈধভাবে বাধা দিয়েছে রাজ্যের পুলিশ।

রাজ্যের পুলিশ প্রশাসনকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব
মমতা এদিন রাজ্যের পুলিশ প্রশাসনকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। তিনি রাজ্য পুলিশকে এদিন আরও কড়া হতে নির্দেশ দিলেন। মমতা বলেন, প্রয়োজনে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নিক। কিন্তু কোনও কারণেই লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করা যাবে না। নির্দেশ দিলেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়া-উত্তর ২৪ পরগনার দিকে নজর
মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, হাওড়ার পরিস্থিতি খুবই স্পর্শকাতর। ঠেকাতে না পারলে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা রয়েছে। হাওড়াতে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। উত্তর ২৪ পরগনার দিকেও নজর দিতে হবে। মমতা বলেন, প্রয়োজনে বাজারে সশস্ত্র পুলিশ প্রহরা থাকবে। কোনওরকম বিধিভঙ্গ করা যাবে না। বাজারে ভিড় করা যাবে না। পাঁচ জনের বেশি এক জায়গায় থাকা যাবে না। তাঁদের মধ্যেও ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে।

সম্পূর্ণ আস্থা আছে, লক্ষ্যপূরণে সফল হবই
মমতা আরও বলেন, পুলিশ-প্রশাসনকে প্রয়োজনে দিনরাত কাজ করতে হবে। সীমানা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যুদ্ধকালীন তৎপরতায় রোধ করতে হবে করোনা সংক্রমণ। রাজ্যের পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে, তারা লক্ষ্যপূরণে সফল হবেই। প্রথম থেকেই পুলিশ দারুন কাজ করছে। তাই হাতের বাইরে যায়নি পরিস্থিতি। এখন আরও কঠোর হতে হবে।












Click it and Unblock the Notifications