তৃণমূলের সাফল্য চাইছেন মমতার ‘প্রতিদ্বন্দ্বী’, ২০২৪-এর আগে দ্রুত বদলাচ্ছে সমীকরণ
তৃণমূলের সাফল্য চাইছেন মমতার ‘প্রতিদ্বন্দ্বী’, ২০২৪-এর আগে দ্রুত বদলাচ্ছে সমীকরণ
একুশের নির্বাচন জিতে ভিনরাজ্যে সংগঠন বিস্তারে নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিস্তার অভিযানে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে রাজ্যে পা রাখবে তৃণমূল, সেই রাজ্যের কুর্সি দখল করাই হবে তাঁরে লক্ষ্য। এহেন পরিস্থিতি গোয়ায় তৃণমূলের সাফল্য চাইছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

গোয়ায় মমতার দলকে স্বাগত তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর
কংগ্রেস নেত্রী হিসেবে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মডেল অভিনেত্রী নাফিসা আলি। তিনি এখনও কংগ্রেস সদস্যা। তা সত্ত্বেএ তিনি গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য চাইছেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে সাক্ষাতের পর তাঁর এই অভিপ্সার কথা জানিয়েছেন নাফিসা। নাফিসার এই মনের কথায় আবার আরব সাগরের পাড়ে এই ছোট্ট রাজ্যে জল্পনা তৈরি হয়েছে ভোট-সমীকরণ নিয়ে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাফল্য কামনায় নাফিসা
শুধু প্রাক্তন মডেল অভিনেত্রী বা রাজনীতিক নাফিসা আলিই নন, এদিন ডেরেক সাক্ষাৎ করেন গায়ক লাকি আলির সঙ্গেও। তিনি এই সাক্ষাৎকে একেবারেই সৌজন্যের খাতিরে বলে জানিয়েছেন। তবে নাফিসা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাফল্য কামনা করেছেন, তাতে গোয়ায় তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখতে শুরু করেছে।

ডেরেকের সঙ্গে সাক্ষাতের পর নাফিসা তৃণমূলের প্রশংসায়
ডেরেকের সঙ্গে সাক্ষাতের পর নাফিসা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস গোয়ার নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুব খুশি। গোয়ার উন্নয়নে বিশেষ নজর দেওয়া দরকার। এখানকার মানুষের এটা অধিকার। তাঁরা সেই অধিকার থেকে বঞ্চিত। সঠিকভাবে তাঁদের উন্নয়ন ঘটাতে পারেনি কোনও দলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেটা পারে।

মমতার জয়ের পর তাঁকে বেঙ্গল টাইগ্রেস আখ্যা নাফিসার
কলকাতার সঙ্গে তাঁর নাড়ির টান। নাফিসা জন্মেছিলেন কলকাতায়, কলকাতাতেই তাঁর বড় হয়ে ওঠা। লা মার্টিনিয়ার স্কুল থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হয়ে তিনি সফল মডল-অভিনেত্রী, রাজনীতিকও। তিনি বাংলার খোঁজ রাখেন নিয়মিত। সম্প্রতি ভবানীপুরে মমতার জয়ের পর তাঁকে বেঙ্গল টাইগ্রেস বলে আখ্যায়িত করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

কে এই নাফিসা, একনজরে তাঁর রাজনৈতিক জীবন
নাফিসার কলকাতা-যোগের কারণেই কংগ্রেস তাঁকে ২০০৪ সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছিল। তখন রাজনীতিতে আনকোরা ছিলেন নাফিসা। তিনি তৃতীয় স্থান পেয়েছিলেন সেই লড়াইয়ে। সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়যুক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার একমাত্র সাংসদ হিসেবে জিতেছিলেন মমতাই। ২০০৯ সালে তিনি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে লখনউ কেন্দ্রে প্রার্থী হন। কিন্তু সাফল্য পাননি। বর্তমানে তিনি কংগ্রেসে। সোনিয়া গান্ধীর বিশেষ ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত।












Click it and Unblock the Notifications