Kaliganj: কালীগঞ্জে 'কুইক অ্য়াকশন' পুলিশের, গ্রেফতার ৪, তবে বিচার পাবে কি মেয়েহারা পরিবার?
নদিয়ার কালীগঞ্জে বোমা ফেটে নাবালিকা মৃত্যুর ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে, শোকের পরিবেশও রয়েছে। পুলিশি গ্রেফতারির পর তা প্রশমন হয় কিনা সেটাই দেখার।
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল গতকাল সোমবার বেরোয়। তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। অভিযোগ দলীয় বিজয়োল্লাসের কারণে বলি হতে হয় এক বালিকাকে। বোমা বিস্ফোরণে ওই বালিকার মৃত্যু হয়। এই ঘটনায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তারপরই এদিন কুইক অ্য়াকশন পুলিশের।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশ তৎপর হয়ে একদিনের মধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আর কারা জড়িত আছে, তা জানতে তদন্ত চলছে।
কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামে গতকালের ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি রয়েছে। সোমবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ নির্বাচনে জয়ী হয়েছেন। দুপুরের পর ওই গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে এক বালিকার মৃত্যু হয়। এই ঘটনার পরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।
মুখ্যমন্ত্রী মমতার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশের পরই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায় এবং প্রথমে একজনকে গ্রেফতার করে। পরবর্তীকালে রাতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সূত্রের খবর।
মৃত বালিকা চতুর্থ শ্রেণিতে পড়ত। তার আকস্মিক মৃত্যুতে সারা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications