বাংলার ধর্মনিরপেক্ষতাকে ভয় পান মোদী, তাই কি বাতিল 'একতার' ট্যাবোলো, প্রশ্ন মমতার
সর্ব-ধর্মসমন্বয়ের দেশে কেন বড়দিনের ছুটি বাতিল হবে সে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি ট্যাবলো বিতর্কে মোদী সরকারকে কার্যত তুলোধনা করেন।
বড়দিনের উৎসবের প্রাক্কালেই নরেন্দ্র মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। শুক্রবার পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে বড়দিনের উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই আক্রমণ শানান। বড়দিনের রাষ্ট্রীয় ছুটিকে কেন বাতিল করেছে কেন্দ্রীয় সরকার তা প্রথমে টেনে আনেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই ছুটি বাতিল করলেও পশ্চিমবঙ্গ এখনও বড়দিনকে সরকারি ছুটি হিসাবে তালিকাভুক্ত করে রেখেছে।

সর্ব-ধর্মসমন্বয়ের দেশে কেন বড়দিনের ছুটি বাতিল হবে সে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি ট্যাবলো বিতর্কে মোদী সরকারকে কার্যত তুলোধনা করেন। মুখ্যমন্ত্রী জানান, দু'বছর পশ্চিমবঙ্গের ট্যাবলো দিল্লির প্রজাতন্ত্র দিবসে সেরার সম্মান পেয়েছিল। কিন্তু, এহেন পশ্চিমবঙ্গের ট্যাবলোকে এবার প্রজাতন্ত্র দিবসে স্থান দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী জানান, ২০১৫ সালে একইভাবে রাজ্যের 'কন্যাশ্রী' ট্যাবলোকে বাতিল করে দেওয়া হয়েছিল। এবার রাজ্যের ট্যাবলোর থিম ছিল 'একতা ও সম্প্রীতি'। এর জন্য সেপ্টেম্বর ও অক্টোবরে দিল্লিতে কেন্দ্রের এক্সপার্ট কমিটির সামনে প্রেজেন্টেশনও দিতে হয়েছে। পশ্চিমবঙ্গ তা খুব ভালোভাবেই করেছে। এমনকী, এক্সপার্ট কমিটিও পশ্চিমবঙ্গের প্রেজেন্টেশনের প্রশংসা করেছিল। অথচ, পশ্চিমবঙ্গকে যে প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো প্রদর্শনীতে থেকে বাদ দেওয়া হয়েছে তার কোনও খবরও দেওয়া হয়নি।
মুখ্য়মন্ত্রীর অভিযোগ, 'একতা ও সম্প্রীতি' নাম দেওয়াতেই হয়তো রাজ্যের ট্য়াবলোকে বাতিল করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, যাঁরা সর্বধর্ম এবং মানুষের একতাকে সহ্য করতে পারেন না তারা হয়তো চাননি পশ্চিমবঙ্গের ট্যাবলো স্থান পাক। তিনি বলেন, 'আমরা সর্বধর্ম সমন্বয়কে, মানবতাকে ভালোবাসি। আমি সমস্ত ধর্মীয় অনুষ্ঠানেও যাই। ভাষার মধ্যে একতা, চার্চের ফাদার একরকমের পোশাক পরেন, আমি শাড়ি পরেছি, আমার কোনও বোন সালোয়ার কামিজ পরেছে। নানা ভাষ, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখ মিলন মহান।'
মুখ্যমন্ত্রী এই বড়দিনের উৎসবের উদ্ধোধন মঞ্চ থেকে বলেন, 'মহান তারাই হয় যারা সমস্ত জাতিকে নিয়ে একসঙ্গে চলতে পারে। দৃষ্টিভঙ্গি ইউনিভার্সাল হলে তবেই সেখান থেকে বড় ধর্মের উৎপত্তি হয়।'
বাংলার এই সর্বধর্ম সমন্বয়ের একাতাই কেন্দ্রের চক্ষুশূল হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। আর তাই বাতিল পশ্চিমবঙ্গের 'একতা ও সম্প্রীতি'-র ট্যাবলো। বড়দিনের উৎসবকে ন্যাশনাল হলিডের তালিকায় ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।












Click it and Unblock the Notifications