Weather Update: উমা বিদায়ের আগেই কি রাজ্য থেকে বর্ষা বিদায় শুরু? কোন বার্তা আবহাওয়া দফতরের
Weather Update: উমা বিদায়ের আগেই কি রাজ্য থেকে বর্ষা বিদায় শুরু? কোন বার্তা আবহাওয়া দফতরের
রবিবার রাজ্যের কোথাও সেরকম বৃষ্টি হয়নি। আর তা না থাকায় করোনার ভয় উপেক্ষা করেই বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে। তবে দিন কয়েক আগে পুজোয় বর্ষার যে ভয় দেখা গিয়েছিল তাও আপাতত নেই। তবে এই রাজ্য থেকে বর্ষা বিদায়ের (withdrawal of monsoon) বার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দফতর (weather office)। যার জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সকাল অর্থাৎ সপ্তমীর সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আর সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি কোথাও দিনের তাপমাত্তার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপমাত্রা অন্য দিনগুলোর মতোই থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩.৮
বালুরঘাট ৩২.৬
বাঁকুড়া ৩৩
ব্যারাকপুর ৩৪
বহরমপুর ৩৫.২
বর্ধমান ৩৫
ক্যানিং ৩৩.৪
কোচবিহার ৩৫
দার্জিলিং ২১.৮
দিঘা ৩২.৬
কলকাতা ৩৪.১
মালদহ ৩৪.৩
পানাগড় ৩৪.৫
পুরুলিয়া ৩৩.৭
শিলিগুড়ি ৩৪.৮
শ্রীনিকেতন ৩৩.৬

আগামী ২ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়
গত ৬ অক্টোবর দেশে থেকে এবারের মতো বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে। এই মুহূর্তে বর্ষা বিদায়ের রেখা গিয়েছে মাতিহারি, গয়া, ডালটনগঞ্জ, অম্বিকাপুর, মান্দলা, ইন্দোর, গান্ধীনগর, রাজকোট, পোরবন্দরের ওপরে। এছাড়াও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ে গুজরাতের অন্য অংশেও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের প্রায় সব অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্রের কিছু অংশ, ওড়িশায়ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যবাসীর ক্ষেত্রে সব থেকে বড় বার্তা হল আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশে বর্ষা বিদায় শুরু হয়ে যাবে।












Click it and Unblock the Notifications