পশ্চিমী হাওয়ার দাপট বাড়ছে সাগরে, বর্ষার আগমন নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলছে আইএমডি
পশ্চিমী হাওয়ার দাপট বাড়ছে সাগরে, বর্ষার আগমন নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলছে আইএমডি
মৌসম ভবনের আবহাওয়ার(Weather) পূর্বাভাসে বলা হয়েছে, এবছর স্বাভাবিক ছন্দে বর্ষা(Monsoon) নিজের অঝোর বারিধারায় ভেজাবে ভারতকে। মহারাষ্ট্র, গুজরাতের মতো বেশ কিছু জায়গায় এবছরে বৃষ্টিপাতের পরিমাণ প্রবল বাড়বে। এদিকে, ১ জুন বর্ষা আসার নির্দিষ্ট সময় কেটে গেলেও ভারতে এখনও প্রবেশ করেনি দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর দাপট। এই অবস্থায় এদিন মৌসম ভবনের তরফে কোন বার্তা দেওয়া হল , দেখা যাক।

বর্ষার আগমন নিয়ে কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
আইএমডির তরফে বলা হয়েছে, কেরলে ৩ জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের আদর্শ সময়। এই বায়ু প্রবেশের ক্ষেত্রে এই সময় পরিবেশ এক্কেবারে উপযুক্ত হয়ে থাকবে। ফলে ৩ জুন কেরলের পথে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

সাগরে বাড়ছে পশ্চিমী হাওয়ার দাপট
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বৃষ্টিপাতের রৈখিক এলাকা ক্রমাগত বাড়ছে কেরলের ওপর। পশ্চিমী হাওয়াও দক্ষিণ আরব সাগরের নিচু এলাকায় দাপটের সঙ্গে বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বর্ষা ভারতে প্রবেশের আদর্শ সময় ৩ জুন বলে মনে করা হচ্ছে।

বর্ষার প্রবেশ ও তারিখ সংবাদ
এর আগে আইএমডি জানিয়েছে, কেরলে বর্ষা আসতে পারে ৩১ মের আশপাশে। ৩১ মে থেকে ৪ দিন বেশি বা ৪ দিন কমের ব্যবধানে কেরলে বর্ষা আসবে। তবে ৩০ মে দেখা যায় বর্ষা আসার সঠিক পরিস্থিতি আবহাওয়ায় তৈরি হয়নি। এরপর আজ আইএমডি জানিয়েছে ৩ জুন কেরলে বর্ষা আসতে পারে।

এবছর স্বাভাবিক বর্ষা!
গতকালই এক পূর্বাভাসে আইএমডি জানিয়েছে যে এবছর স্বাভাবিক বর্ষণ হবে। জুন মাসে গড় ১০১ শতাংশ বর্ষণ হবে। বর্ষণের জেরে গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা বলয়ে প্রবল বর্ষণ হবে। প্রসঙ্গত, মধ্য ভারতে এই সময়টায় কৃষিক্ষেত্রে কৃষিকাজ নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। সেই দিক থেকে এই স্বাভাবিক বর্ষণের পূর্বভাস বেশ তাৎপর্যবাহী।












Click it and Unblock the Notifications